২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ে অংশ নেওয়ার আহ্বান

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর হত্যা-নির্যাতন বন্ধ এবং তাদের নাগরিক অধিকার দেওয়ার দাবিতে সোমবার দেশটির ঢাকা দূতাবাস ঘেরাও করবে গণজাগরণ মঞ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা ‍বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2017, 07:53 PM

Updated : 12 Apr 2022, 12:18 AM

রোববার বিকালে এক বিবৃতিতে এই কর্মসূচিতে ‘বিবেকবান’ সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

গত শুক্রবার একই দাবিতে শাহবাগে ‘ঢাকা র‍্যালি’  কর্মসূচি পালন করেন মঞ্চের নেতাকর্মীরা। সেই কর্মসূচি থেকে মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছিলেন ইমরান এইচ সরকার।

বিবৃতিতে তিনি বলেন, “আগামীকাল বিকেল ৩টায় গুলশান ২ নম্বর গোলচত্বর থেকে মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি শুরু করবে মঞ্চ। সারা দেশের সকল বিবেকবান মানুষকে ঘেরাও কর্মসূচিতে অংশ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।”

ইমরান বলেন, “বিশ্বের ভয়াবহতম গণহত্যার শিকার একটি জাতি হিসেবে নিপীড়িত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। মিয়ানমারে চলমান গণহত্যা বন্ধের দাবিতে সোচ্চার হওয়া বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষের দায়িত্ব।

“অনতিবিলম্বে মিয়ানমারে রোহিঙ্গা নিধন বন্ধ করতে হবে এবং রোহিঙ্গাদের তাদের নিজেদের মাতৃভূমিতে পূর্ণ সম্মান, নিরাপত্তা ও মর্যাদার সাথে বসবাস করার অধিকার ফিরিয়ে দিতে হবে।

“দূতাবাস ঘেরাও করে আমরা মিয়ানমারের গণহত্যাকারী সরকারকে এই বার্তা দিতে চাই যে, মানবতার এই চূড়ান্ত অবমাননা বন্ধ না করলে অচিরেই পৃথিবীর প্রতিটি শান্তিকামী মানুষের প্রতিবাদ-প্রতিরোধের মুখোমুখি তাদের হতে হবে।”