বিচারক ছুটিতে, পিছিয়েছে রেইনট্রিতে ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ
বিচারক ছুটিতে থাকায় বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের মামলায় সাক্ষ্যগ্রহণ আবার পিছিয়ে দিয়েছে আদালত।
রোববার ঢাকার দুই নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজম ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক জয়শ্রী সমাদ্দার নতুন দিন ঠিক করে দেন।
আগামী ৮ অক্টোবর সাক্ষ্যগ্রহণের দিন রাখা হয়েছে বলে ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আকবর জানান।
এর আগে ২৪ জুলাই ও ৬ অগাস্ট সাক্ষ্যগ্রহণের দিন ছিল।
আইনজীবী আলী আকবর বলেন, “রোববার দুই নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং নিজের তিন নম্বর ট্রাইব্যুনাল ছাড়াও আরো দুইটি ট্রাইব্যুনালের বিচারক ছুটিতে থাকায় তাদের আদালতের মামলার বিচারের দায়িত্বে ছিলেন জয়শ্রী সমাদ্দার।
“যে কারণে সাক্ষ্য নেওয়ার আবেদন জানালেও বিচারক আলোচিত এ মামলার শুনানি নিতে অপারগতা প্রকাশ করেন।”
এই মামলার বাদী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক তরুণী। গত ২৮ মার্চ তাকে এবং তার এক বন্ধুকে ওই হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছিল বলে তার অভিযোগ।
ঘটনার দুই মাস পর বনানী থানায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, তার দুই বন্ধু এবং দুই কর্মচারীকে আসামি করে মামলা হয়।
আলোচিত এই মামলার দুই মাসের মাথায় গত ১৩ জুলাই পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়।
অন্য আসামিরা হলেন- সাফাতের বন্ধু সাদমান সাকিফ, নাঈম আশরাফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী।
