২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৫ লাখ কৃষক পাবে ৫৯ কোটি টাকার বীজ-সার

বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ক্ষতি পোষানোর পাশাপাশি উৎপাদন বাড়াতে আসন্ন মৌসুমে বিনামূল্যে বীজ ও সার বিতরণের ঘোষণা দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2017, 01:51 PM

Updated : 19 Aug 2022, 05:32 PM

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, এই প্রণোদনার আওতায় ৫ লাখ ৪১ হাজার ২০১ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৫৮ কোটি ৭৭ লাখ ১৯ হাজার ৩১৫ টাকার বীজ ও সার দেওয়া হবে।

তিনি বলেন, গম, ভুট্টা, সরিষা, ফেলন, খেসারি, গ্রীষ্মকালীন মুগ, গ্রীষ্মকালীন তিল, মাসকালাই, চিনাবাদাম ও বিটি বেগুনের বীজ এবং ডিএপি ও এমওপি সার দেওয়া হবে।

প্রত্যেক কৃষককে এক বিঘা জমির জন্য এসব বীজ ও সার দেওয়া হবে। অর্থাৎ, ৫ লাখ ৪১ হাজার ২০১ বিঘা জমিতে চাষের জন্য বীজ ও সার পাবেন কৃষকরা।

 

এই প্রণোদনার ফলে ৭২৭ কোটি ৫৯ লাখ ৫০ হাজার ৯০০ টাকার ফসল উৎপাদন হবে আশা প্রকাশ করে কৃষিমন্ত্রী বলেন, কৃষক প্রতি এক টাকা ব্যয়ের বিপরীতে ১২ টাকা করে আয়ের সুযোগ পাবে।

“প্রণোদনা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থ কৃষি মন্ত্রণালয়ের বাজেট থেকে দেওয়া হবে। এজন্য বাজেটের বাড়তি অর্থের প্রয়োজন হবে না।”

কৃষির অগ্রযাত্রা অব্যাহত রাখতে বীজ ও সার বিতরণ করা হবে বলে জানান কৃষিমন্ত্রী।

কৃষিসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ছাড়াও কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।