রোববার দুই ইসলামী দলের সঙ্গে বসছে ইসি
একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপ ফের শুরু হচ্ছে।
রোববার সকাল ১১টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সংলাপসূচি রয়েছে।
২৪ অগাস্ট থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করে ইসি। ৩০ অগাস্ট পর্যন্ত পাঁচটিদলের সঙ্গে মতবিনিময় করে ঈদুল আজহার পর ১০ সেপ্টেম্বর থেকে সংলাপের সময় নির্ধারণ করা হয়।
৪০টি নিবন্ধিত দলের সঙ্গে সেপ্টেম্বরেই এ মতবিনিময় করার কর্মপরিকল্পনা থাকলেও নির্ধারিত সময় তা শেষ হচ্ছে না। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপিসহ ২০টি দলের সংলাপসূচি এখনও চূড়ান্ত হয়নি।
ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, “সব দলের সঙ্গে সেপ্টেম্বরেই সংলাপ শেষ করা সম্ভব হবে না; সেক্ষেত্রে অক্টোবরের মধ্যে শেষ করা যাবে। নির্বাচন বিশেষজ্ঞ, পর্যবেক্ষক ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপসূচি ঠিক করবে ইসি।”
অক্টোবরের মাঝামাঝি আওয়ামী লীগ-বিএনপির সঙ্গে সংলাপের সময় নির্ধারণের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
এর আগে গত ৩১ জুলাই সুশীল সমাজ, ১৬ ও ১৭ অগাস্ট গণমাধ্যম প্রতিনিধির সঙ্গে সংলাপ হয়।
২০১৯ সালের ২৮ জানুয়ারির পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত ১৬ জুলাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ ঘোষণা করে ইসি। রোডম্যাপ অনুযায়ী সংলাপ হচ্ছে।
আলোচ্য বিষয়
>> বিদ্যমান ইংরেজি আইন কাঠামো বিশেষ করে ‘দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ এবং দ্য ডিলিমিটেশন অব কনস্টিটিউয়েন্সিস অর্ডিন্যান্স, ১৯৭৬’ যুগোপযোগী করে বাংলা ভাষায় প্রণয়ন।
>> বিগত নির্বাচনসমূহের অভিজ্ঞতার ভিত্তিতে অবৈধ অর্থ এবং পেশিশক্তির ব্যবহার রোধে আইনি কাঠামো সংস্কার।
>> জনসংখ্যার পাশাপাশি ভোটার সংখ্যা, সংসদীয় এলাকার আয়তন, প্রশাসনিক অখণ্ডতা এবং যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে ডিজিটাল টেকনোলজি ব্যবহারের মাধ্যমে সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ।
>> নির্বাচন প্রক্রিয়া যুগোপযোগী ও সহজ করতে আইনি কাঠামো ও প্রক্রিয়ার সংস্কার; প্রবাসী ভোটারদের ভোটদান নিশ্চিত করার বিষয়ে একটি আইনি কাঠামো তৈরি।
>> কর্মপরিকল্পনার বিভিন্ন কাঠামোকে যুগোপযোগী করা।
>> নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন ও বিতরণ নিশ্চিত করা।
>> ভোটকেন্দ্র স্থাপন সংক্রান্ত কার্যক্রম যুগোপযোগী করা।
>> নতুন রাজনৈতিক দল নিবন্ধন ও নিবন্ধিত রাজনৈতিক দলের নিরীক্ষা।
>> সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সক্ষমতা বৃদ্ধির কর্মপরিকল্পনার বাইরে নতুন প্রস্তাব।
