২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির প্রশাসনিক দায়িত্ব ছাড়ছেন না আরেফিন সমর্থকরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের বিদায়ের পর তার সমর্থক হিসেবে পরিচিত একদল শিক্ষক প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেও এখন তারা সিদ্ধান্ত বদলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2017, 12:46 AM

Updated : 12 Apr 2022, 12:17 AM

নতুন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সঙ্গে বৃহস্পতিবার বিকালে এক সভায় মিলিত হওয়ার পর তারা নিজেদের অবস্থান বদলের কথা জানান।

ওই বৈঠকের পর পদত্যাগপত্র জমা দেওয়াদের একজন কবি জসীমউদ্দীন হলের প্রাধ্যক্ষ মো. রহমত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি (নতুন উপাচার্য) আমাদের কাজ করার আহ্বান জানিয়েছেন, আমরা উনাকে অভিনন্দন জানিয়েছি।

“অবশ্যই আমরা সবাই প্রশাসনকে সমর্থন দেব, প্রশাসন আমরা চালিয়ে নেব, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের আরও এগিয়ে যাবে।”

উপ-উপাচার্য আখতারুজ্জামানকে উপাচার্য নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয় সোমবার প্রজ্ঞাপন জারি করার পর রাতেই বিদায়ী উপাচার্য আরেফিন সিদ্দিকের কাছে পদত্যাগপত্র জমা দেন ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী ও ১০টি হলের প্রাধ্যক্ষ।

এই দলের বাকি প্রাধ্যক্ষদের মধ্যে রোকেয়া হলের অধ্যাপক নাজমা শাহীন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মফিজুর রহমান, সার্জেন্ট জহুরুল হক হলের অধ্যাপক দেলোয়ার হোসেন, বিজয় একাত্তর হলের অধ্যাপক এজেএম শফিউল আলম ভূঁইয়া, স্যার এ এফ রহমান হলের অধ্যাপক আফতাব উদ্দিন, শামসুন্নাহার হলের অধ্যাপক সুপ্রিয়া সাহা, বেগম সুফিয়া কামাল হলের অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমানও ছিলেন।

ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলীসহ এই প্রাধ্যক্ষদের সবাই নতুন উপাচার্যের সঙ্গে বৈঠকে অংশ নেন।

বৈঠকের পর আমজাদ আলী বলেন, তারা সবাই এখন নতুন উপাচার্যের সঙ্গে কাজ করে যাবেন।

পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত জানতে চাইলে অধ্যাপক নাজমা শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা উপাচার্যের (আরেফিন সিদ্দিক) কাছে আবেদন করেছিলাম, কিন্তু তিনি সে অব্যাহিতপত্র গ্রহণ করেননি। তিনি দায়িত্ব পালনের কথা বলেছেন।

“এ বিষয়ে উনি (নতুন উপাচার্য) কোনো কথা বলেননি।তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করবেন- এই বিষয় নিয়ে কথা হয়।”

অধ্যাপক আখতারুজ্জামানকে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেও তাকে নিয়ে কোনো আপত্তি নেই বলে জানান রহমত উল্লাহ।

তিনি বলেন, “উপাচার্য আখতারুজ্জামানকে নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যথেষ্ট বিচক্ষণ, উনাদের দিকেনির্দেশনা  শ্রদ্ধার সঙ্গে মেনে নেব।”

আখতারুজ্জামানকে উপাচার্য নিয়োগে বিশ্ববিদ্যালয়ের তেহাত্তরের অধ্যাদেশের লংঘন হয়েছে অভিযোগ করে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন আওয়ামী লীগ সমর্থক এই শিক্ষকরা।

ওই অবস্থানে এখনও থাকলেও এজন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে দুষছেন অধ্যাপক রহমত উল্লাহ, যদিও নতুন উপাচার্য নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা দিচ্ছেন, তার সহযোগিতা আমরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করব।

“কিন্তু যে প্রক্রিয়ায় উপাচার্য নিয়োগ দিয়েছেন শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় নিয়ে যে দ্বৈতাচরণ করেছেন, তা আমাদের সাংঘাতিকভাবে দ্বিধান্বিত করছে। উনার দ্বৈতাচরণ আমরা বুঝতে পারছি না যে, কেন উপাচার্য নিয়োগ নিয়ে এত তাড়াহুড়া করছেন তিনি।

“যেখানে বিষয়টি নিয়ে মামলা চলছে, রিট হয়েছে; রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উপাচার্য হিসেবে আরেফিন সিদ্দিক দায়িত্ব পালন করবেন।”

নির্বাচন ছাড়াই সাড়ে চার বছর দায়িত্ব পালনের পর ২০১৩ সালের ২৪ অগাস্ট সিনেটের বিশেষ অধিবেশনে উপাচার্য প্যানেল নির্বাচনের মাধ্যমে আরও চার বছরের জন্য নিয়োগ পান অধ্যাপক আরেফিন সিদ্দিক। তার সেই মেয়াদ শেষ হয় গত ২৪ অগাস্ট।

তার আগে উপাচার্য নিয়োগে তিন সদস্যের একটি প্যানেল সিনেট সভায় মনোনীত হয়। রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি ছাড়া অনুষ্ঠিত ওই সিনেট সভা নিয়ে বিএনপি সমর্থক শিক্ষকদের পাশাপাশি আওয়ামীপন্থি শিক্ষকদের একদলেরও আপত্তি ছিল।

এ নিয়ে উচ্চ আদালতে রিট আবেদন হয়, যা এখনও নিষ্পত্তির অপেক্ষায়। ওই রিট আবেদন নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত আরেফিন সিদ্দিক উপাচার্যের দায়িত্ব পালন করে যেতে পারবেন বলে আদালতের আদেশে বলা হয়েছিল।

এরমধ্যে উপাচার্য প্যানেলের বাইরে থেকে আখতারুজ্জামানকে সাময়িকভাবে উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এতে অসন্তোষ প্রকাশ করেন ওই প্যানেলে থাকা আরেফিন সিদ্দিকের সমর্থক হিসেবে পরিচিত শিক্ষকরা।

উপাচার্যের দায়িত্ব নেওয়ার পর সবাইকে নিয়ে চলার ঘোষণা দিয়েছেন অধ্যাপক আখতারুজ্জামান।

বিকালের বৈঠকের পর তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা প্রক্টর ও প্রভোস্টদের সাথে প্রথম সভা ছিল। সভায় সকল হলের প্রভোস্ট এসেছিলেন। তারা সবাই যেভাবে কাজ করে আসছিলেন, সেভাবে কাজ করবেন।”

প্রক্টর ও ১০ হলের প্রাধ্যক্ষের অব্যাহতি চাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “পদত্যাগের বিষয়টি যদি হত, তাহলে তারা তো আসত না। এমনটা হয়নি, বিশ্ববিদ্যালয়ের সব কটি হলের প্রভোস্ট এবং হোস্টেলগুলোর ওয়ার্ডেন এসেছিলেন, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হয়েছে, তারা অভিনন্দন জানিয়েছেন।

“যারা দায়িত্বে আছেন তারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন, তারা কাজ করার সদিচ্ছা ব্যক্ত করেছেন।”

পুরনো খবর:

ঢাবির প্রক্টর ও ১০ হলের প্রাধ্যক্ষের পদত্যাগপত্র জমা