২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির প্রক্টর ও ১০ হলের প্রাধ্যক্ষের পদত্যাগপত্র জমা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের পর প্রক্টর ও ১০টি হলের প্রাধ্যক্ষ দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।

মাসুম বিল্লাহ

ও তপন কান্তি রায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2017, 12:52 AM

Updated : 19 Aug 2022, 05:31 PM

অধ্যাপক মো. আখতারুজ্জামানকে উপাচার্য নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয় সোমবার প্রজ্ঞাপন জারি করার পর রাতেই তারা বিদায়ী উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্র পেয়ে আরেফিন সিদ্দিক তাদের দায়িত্ব পালন করে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তবে তারা দায়িত্বে থাকবেন কি না সে বিষয়ে এখনও স্পষ্ট হওয়া যায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পদত্যাগপত্র দিয়েছিলাম উপাচার্য নিয়োগে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ লংঘনের জন্য আরেফিন স্যারের কাছে। তিনি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমাদের দায়িত্ব পালন করতে বলেছেন।”

এখন দায়িত্বে থাকবেন কি না জানতে চাইলে তিনি বলেন, “আখতারুজ্জামান স্যার আগামীকাল (বৃহস্পতিবার) প্রভোস্ট মিটিং ডেকেছেন। দেখি উনি কী বলেন।”

পদত্যাগপত্র জমা দেওয়া প্রাধ্যক্ষদের মধ্যে নীল দলের সাবেক আহ্বায়ক ও রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নাজমা শাহীন রয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার রাতেই উপাচার্য আরেফিন সিদ্দিকের নিকট হল প্রাধ্যক্ষের দায়িত্বে অব্যাহতির আবেদন করেছিলাম। মোট ১০ জন হল প্রাধ্যক্ষ ও প্রক্টর এই আবেদন করেন।”

Image
অধ্যাপক আরেফিন সিদ্দিক

অধ্যাপক আরেফিন সিদ্দিক

প্দত্যাগপত্র জমা দেওয়া বাকি প্রাধ্যক্ষদের মধ্যে সাতজনের নাম জানা গেছে, যারা সবাই আরেফিন সিদ্দিকের সমর্থক হিসেবে পরিচিত।

এরা হলেন- কবি জসীমউদ্‌দীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক রহমত উল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মফিজুর রহমান, সার্জেন্ট জহুরুল হক হলের অধ্যাপক দেলোয়ার হোসেন, বিজয় একাত্তর হলের অধ্যাপক এজেএম শফিউল আলম ভূঁইয়া, স্যার এ এফ রহমান হলের অধ্যাপক আফতাব উদ্দিন, শামসুন্নাহার হলের অধ্যাপক সুপ্রিয়া সাহা ও বেগম সুফিয়া কামাল হলের অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান।

তাদের পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়ে অধ্যাপক আরেফিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার আমার কাছে কয়েকটি হলের প্রভোস্ট ও প্রক্টর দায়িত্ব থেকে অব্যাহিতর জন্য পদত্যাগপত্র দিয়েছিল, আমি তা গ্রহণ করিনি।তাদের দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছি।”

সাম্প্রতিক বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের নীল দলে বিভেদ সংবাদমাধ্যমের শিরোনাম হয়। ২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর উপাচার্য হন আরেফিন সিদ্দিক। টানা দ্বিতীয় মেয়াদে তার দায়িত্ব শেষ হয় গত ২৪ অগাস্ট।

এর আগে উপাচার্য নিয়োগে তিন সদস্যের একটি প্যানেল সিনেট সভায় মনোনীত হয়। রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি ছাড়া অনুষ্ঠিত ওই সিনেট সভা নিয়ে বিএনপি সমর্থক শিক্ষকদের পাশাপাশি আওয়ামীপন্থি শিক্ষকদের একদলেরও আপত্তি ছিল।

এ নিয়ে উচ্চ আদালতে রিট আবেদন হয়, যা এখনও নিষ্পত্তির অপেক্ষায়। ওই রিট আবেদন নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত আরেফিন সিদ্দিক উপাচার্যের দায়িত্ব পালন করে যেতে পারবেন বলে আদালতের আদেশে বলা হয়েছিল।

Image
অধ্যাপক আখতারুজ্জামান বুধবার সকালে উপাচার্যের দায়িত্ব নেওয়ার পর তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান অনেক শিক্ষক

অধ্যাপক আখতারুজ্জামান বুধবার সকালে উপাচার্যের দায়িত্ব নেওয়ার পর তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান অনেক শিক্ষক

এরমধ্যে উপ-উপাচার্য আখতারুজ্জামানকে উপাচার্য নিয়োগে অসন্তুষ্ট আরেফিন সমর্থকরা।

অধ্যাপক নাজমা শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাচার্য নিয়োগে যে পদ্ধতিতে নিয়োগ প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, সেখানে অনেকগুলো জায়গায় ব্যত্যয় ঘটেছে। একটা হচ্ছে- সিনেট মনোনীত প্যানেল নিয়ে রিট মামলা চলছে।তার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উপাচার্য হিসেবে আরেফিন সিদ্দিক দায়িত্বে থাকবেন বলা হল।

“২৪ অগাস্ট উপাচার্যের মেয়াদ শেষ হয়েছে। উনি (আরেফিন) তো উপাচার্য হিসেবে ২৫ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত কাজ করেছেন, অনেক মিটিং হয়েছে। তার মানে কোর্টের সিদ্ধান্ত মেনে নিয়ে কাজ করেছেন।সেখানে পদ শূন্যের বিষয়টা আসে না।

“আরেকটা দিকে হচ্ছে, ১৯৭৩ এর আদেশ অনুযায়ী ১১ (১) ধারা অনুযায়ী ভিসি প্যানেল দেওয়া হয়েছে, এটার ফলাফল না হওয়া পর্যন্ত আরেকটা ১১ (২) ধারা ব্যবহার করা যাবে না। সেখানে পদ শূন্য থাকলে তখন রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারেন।কিন্তু নিয়োগের জন্য একটা প্যানেল গেল, আবার রিট আবেদন আছে এবং সেই প্যানেল যতক্ষণ পর্যন্ত অবৈধ না হবে ততক্ষণ পর্যন্ত প্যানেল তো আছে। এখনও তো কোর্টের রায় হয়নি।”

উপাচার্য নিয়োগে তিন সদস্যের যে প্যানেল সিনেটের অনুমোদন পেয়েছিল, তাতে আরেফিন সিদ্দিকের নাম থাকলেও ছিলেন না আখতারুজ্জামান।

নাজমা শাহীন বলেন, “যখন তারা (শিক্ষা মন্ত্রণালয়) বলছেন যে, উপাচার্য পদ শূন্য তখন কিন্তু কোর্টের নিয়ম অনুযায়ী উপাচার্য পদে (আরেফিন সিদ্দিক) বহাল আছেন। তাদের মতে, ২৫ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য বিহীন ছিল।

“এই বিষয়গুলো মনে হয়েছে, তেহাত্তরের অধ্যাদেশের লঙ্ঘন এবং আমরা আশঙ্কা করছি, এরপর বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের ওপর আঘাত আসতে পারে।”

প্রক্টর ও প্রাধ্যক্ষদের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে বুধবার উপাচার্যের দায়িত্ব নেওয়া আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি কোনো পদত্যাগপত্র পাইনি। সেজন্য কারা কাকে পদত্যাগপত্র দিয়েছে-এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।”

পুরনো খবর:

ঢাবি উপাচার্যের দায়িত্ব নিলেন অধ্যাপক আখতারুজ্জামান