২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের পক্ষে গণজাগরণ মঞ্চের কর্মসূচি

মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়ন বন্ধের দাবিতে  শুক্রবার ঢাকায় শোভাযাত্রা করবে গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2017, 12:10 AM

Updated : 12 Apr 2022, 12:17 AM

বিকাল ৩টায় শাহবাগ থেকে শোভাযাত্রা শুরু হবে বলে মঞ্চের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত অগাস্টের শেষ দিকে রাখাইন রাজ্যে সেনা ও পুলিশ চৌকিকে হামলার পর মিয়ানমারের সেনাবাহিনী অভিযানে কয়েকশ রোহিঙ্গা মারা গেছে। দেড় লক্ষাধিক রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

গণজাগরণ মঞ্চের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  মিয়ানমারে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর লক্ষ লক্ষ মানুষ সেখানকার সামরিক জান্তার নির্মম গণহত্যা ও নির্যাতনের শিকার হচ্ছে, যা বিশ্ববিবেককে স্তম্ভিত করে দেওয়ার মতো একটি ঘটনা।

“এই জাতিগত নিপীড়নের শিকার মানুষগুলোকে তাদের নিজেদের দেশে নিরাপদে বাস করার অধিকার ফিরিয়ে দিতে সবচেয়ে জোরালো ভূমিকা রাখতে হবে বাংলাদেশকেই।”

মিয়ানমারের সরকারকে এই ‘বর্বর গণহত্যা’ বন্ধ করতে বাধ্য করতে সারাবিশ্বে জনমত তৈরির উপর জোর দিয়েছে বাংলাদেশে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা সংগঠনটি।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার রোহিঙ্গা নিপীড়ন বন্ধের দাবির এই কর্মর্সূচিতে দল-মত-ধর্ম নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান।