২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাসখানেক ধরে ‘বিমর্ষ’ জঙ্গি আবদুল্লাহ মাঠেও যেতেন না

ঢাকার মিরপুরের মাজার রোডের আস্তানায় আত্মঘাতী বিস্ফোরণে নিহত ‘দুর্ধর্ষ জঙ্গি’ আব্দুল্লাহ এলাকার পরিচিত মুখ হলেও মাসখানেক আগে লোকজনের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন বলে এলাকাবাসী জানিয়েছেন।

কামাল তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2017, 01:56 AM

Updated : 19 Aug 2022, 05:31 PM

তারা বলছেন, ওই এলাকায় সিটি করপোরেশনের নয় নম্বর ওয়ার্ড ঈদগাহ মাঠে তাদের সঙ্গে নিয়মিত ফুটবল খেলতেন এই ব্যক্তি। তবে কোরবানির ঈদের এক মাস আগ থেকে আর মাঠে যেতেন না তিনি।

আবু সাঈদ নামে ৩৫ বছর বয়সী এক ব্যবসায়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছয় বছর ধরে তার সঙ্গে প্রতিদিন সকালে ফুটবল খেলতাম। তবে গত এক মাস ধরে তাকে আর মাঠে পেতাম না। রাস্তাঘাটে দেখা হলেও মনমরা দেখতাম, কথাবার্তাও কম বলত।”

মাঠের পাশের চটপটি দোকানের এক কিশোর বলেন, আব্দুল্লাহ নিয়মিত তার দোকানে আসতেন এবং নামাজ পড়ার কথা বলতেন। তার সঙ্গে তার স্ত্রীরা থাকলেও পর্দার কারণে কখনও তাদের মুখ দেখা যেত না।

“আমিও নিয়মিত তাকে মাঠে খেলতে আসতে দেখতাম। তবে গত এক মাস ধরে দেখি না।”

মাজার রোডের ওই বাড়িতে মঙ্গলবার রাতে কয়েকটি বিকট বিস্ফোরণের পর বুধবার ধ্বংস্তূপে তল্লাশি চালিয়ে সাতজনের খুলি ও পোড়া অঙ্গপ্রত্যঙ্গ পাওয়ার কথা জানায় র্যা ব।

ছয়তলা ভবনটির পাঁচতলায় আব্দুল্লাহ দুই স্ত্রী, দুই সন্তান ওসামা (১০) ও ওমর (৩) এবং দুই কর্মচারীসহ থাকতেন।

ওসামা ওই এলাকা ‘মাদানী কিন্ডারগার্টেন’ নামে একটি মাদ্রাসায় পড়াশুনা করলেও তার বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি এলাকার লোকজন।

আত্মঘাতী বিস্ফোরণে তারা সবাই নিহত হয়েছে বলে র‌্যাবের ধারণা।

বিস্ফোরণে ছড়ায় আতঙ্ক

বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনটির পশ্চিম পাশের তিনতলা ভবনে বাস করেন আরিফ হোসেন।

সোমবার রাত ১টার দিকে প্রথম তিনটি বিস্ফোরণের সময় তাদের তিনতলায় ২৪ জন সদস্য ছিলেন। পরদিন সকালে পাশের ভবনে শ্বশুরের বাসায় চলে আসেন আরিফ ও তার পরিবারের সদস্যরা।

Image
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন

মঙ্গলবার রাতের বিস্ফোরণের কথা উল্লেখ করে তিনি বলেন, “অনেক ভয় পেয়েছি। এত জোরে শব্দ হয়েছে এবং আগুন ছড়িয়েছে ভেবেছি আমাদের ভবনেও এসে যাবে।”

রুবিনা নামে এক নারী বলেন, তিনিও গতরাতে পাশের ভবনে ছিলেন। বিকট শব্দে তার ভেতরে মৃত্যু ভয় ঢুকে যায়।

ওই ভবনের পাশের একটি ছয় তলা ও একটি সাততলা ভবনের বারান্দায় গত দুদিন কাপড় ঝুলতে দেখা গেলেও  সেখানে কোনো মানুষ দেখা যায়নি।