মিয়ানমারের দূতকে ডেকে প্রতিবাদ
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে ব্যাপক সহিংসতা ও চলমান সেনা অভিযানের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
বুধবার দুপুরের পরে ঢাকায় দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিন্টকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে তার হাতে ‘প্রটেস্ট নোট’ ধরিয়ে দেন দক্ষিণ পূর্ব এশিয়া উইংয়ের মহাপরিচালক মঞ্জুরুল করিম খান চৌধুরী।
পাশাপাশি অব্যাহত নিপীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত ফেরত নেওয়ার দাবি জানানো হয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিবৃতিতে বলা হয়েছে।
এতে বলা হয়, রোহিঙ্গাদের বিরুদ্ধে বাড়তে থাকা সহিংসতার মধ্যে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। অভিযানে ‘অযৌক্তিক ও অপ্রয়োজনীয়’ বলপ্রয়োগ করায় ব্যাপক হারে বেসামরিক হতাহতের ঘটনা ঘটছে।
ভীত-সন্ত্রস্ত রোহিঙ্গারা নজিরবিহীন সংখ্যায় বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, বাংলাদেশ এই সহিংসতার শিকার হতে পারে না (বাংলাদেশ শুড নট বি দ্য ভিকটিম)।
ওই রাজ্যে পরিস্থিতি সরেজমিনে দেখতে জাতিসংঘ শরণার্থী সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থার অবাধ প্রবেশাধিকারও চাওয়া হয়েছে।
নিপীড়নের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবিলম্বে ফেরত নেওয়ারও দাবি জানানো হয়েছে।
কয়েক দশক ধরে মিয়ানমারে চলমান জাতিগত নিপীড়নের মুখে পালিয়ে এসে পাঁচ লাখের বেশি মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ তাদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে এলেও মিয়ানমার তাতে সাড়া দেয়নি। বাংলাদেশে আশ্রয় নেওয়াদের নাগরিক হিসেবেও মেনে নিতে নারাজ মিয়ানমার।
গত ২৪ অগাস্ট রাখাইনে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির হামলার পর সীমান্তে নতুন করে মিয়ানমার নাগরিক এই রোহিঙ্গাদের ঢল নামে।
জাতিসংঘের হিসাবে, বুধবার পর্যন্ত এই দফায় প্রায় এক লাখ ৪৬ হাজার মানুষ মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে ঢুকেছে।
এই ঘটনার পর থেকে বাংলাদেশ মোট চার বার মিয়ানমারের দূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে।
