২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজযাত্রী নিয়ে বিমানের ফিরতি উড়াল শুরু

হজ শেষে সৌদি আরব থেকে ফিরতে শুরু করেছেন বাংলাদেশের হজযাত্রীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2017, 03:38 PM

Updated : 19 Aug 2022, 05:30 PM

হজযাত্রীবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইটটি বুধবার দুপুরে জেদ্দা বিমানবন্দর ছেড়েছে বলে জানান বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট বিজি ২০১২ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আসার কথা থাকলেও সেটি ঢাকায় পৌঁছাবে রাত ৮টা ২০ মিনিটে।

জেদ্দা বিমানবন্দরে অতিরিক্ত যাত্রী চাপের কারণে নিরাপত্তা তল্লাশিতে বেশি সময় লাগায় এই দেরি জানিয়ে শাকিল মেরাজ বলেন, বিমান বাংলাদেশের বোয়িং ৭৭৭-৩০০ ইআর মডেলের ওই বিমানটিতে ৪১৯ জন হজযাত্রী রয়েছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যাবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যাবস্থাপনায় ১ লাখ ১৭ হাজার ১৯৮ জন হজের উদ্দেশে সৌদি আরব পাড়ি দিয়েছিলেন।

সৌদি থেকে হজযাত্রীদের ফিরিয়ে আনতে বিমানের ৩০টি নিয়মিত ফ্লাইটের বাইরেও আলাদা করে ১৬৯টি ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।