২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়ম মেনে চললে কোনো সমস্যা হবে না: আখতারুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান অত্যন্ত সুগঠিত মন্তব্য করে উপাচার্যের দায়িত্ব পাওয়া অধ্যাপক মো. আখতারুজ্জামান বলছেন, এসব নিয়ম মেনে চললে কোনো সমস্যা হবে না।

তপন কান্তি রায়

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2017, 09:50 PM

Updated : 12 Apr 2022, 12:16 AM

নতুন অনেক কিছু করা নয়, ঠিকভাবে কাজ করে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়াকেই গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আখতারুজ্জামান এক বছরের বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পালন করে আসছিলেন। সোমবার তাকে উপাচার্য পদে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন সিনেটে (সম্মেলন কক্ষে) সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় দায়িত্ব গ্রহণ ছাড়াও বিশ্ববিদ্যালয় নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন অধ্যাপক আখতারুজ্জামান।

বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে কোন কোন চ্যালেঞ্জ সামনে রেখে কাজ করবেন জানতে চাইলে তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স কিন্তু প্রায় ১০০ বছর, নতুন চ্যালেঞ্জ নাই, পূর্ববর্তী বহু প্রশাসন ছিল, এখনও প্রশাসন আছে, সামনে প্রশাসন থাকবে।

“সুতরাং কোনোটার প্রতি দোষারোপ করার কিছু নেই। ভালো কাজ করে ঐহিত্যবাহী প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া, এটি হবে ভালো কাজ।”

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ও কলা অনুষদে ডিনের দায়িত্ব পালন করে আসা অধ্যাপক আখতারুজ্জামান বলেন, “এই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবত যারা কর্মরত আছেন, তারা জানেন কোথায় কোন সমস্যা আছে।

“এটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান, এখানে সিদ্ধান্ত নেওয়ার অনেকগুলো সংগঠন আছে- যেমন সিনেট, সিন্ডিকেট আছে, একাডেমিক কাউন্সিল আছে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মপরিকল্পনার জন্য বিধিবিধান এত ঐতিহ্যময়, এতই সুগঠিত যে কোনো ধরনের নতুন সমস্যা হওয়ার কারণ নাই।”

উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর আগামী দিনের কর্মপরিকল্পনা ঠিক করবেন জানিয়ে তিনি বলেন, “এখনো প্রো-ভাইস চ্যান্সেলরই আছি। দায়িত্ব গ্রহণ করি, তারপর আমরা বসে সিদ্ধান্ত নেব।”

বিশ্ববিদ্যালয়ের মর্যাদা অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্ব দেন নতুন উপাচার্য। ঈদের ছুটি থেকে ফিরে বিদায়ী উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।

এই সাক্ষাতের বিষয়ে আখতারুজ্জামান বলেন, “এটা সৌজন্য, একটা সময় আমরা একসাথে ছিলাম। এখনও তো আমি প্রো-ভাইস চ্যান্সেলর।”

তার নিয়োগের বিরোধিতা করে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় সিনেটের ৩১ জন সদস্য এক বিবৃতিতে বলেছেন, এই নিয়োগে ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় আদেশের ‘সুস্পষ্ট লঙ্ঘন’ ঘটেছে।

নিয়োগে আইনগত কোনো সমস্যা দেখছেন কি না জানতে চাইলে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, “বিষয়গুলো জানব। এটা জয়েনিং না দায়িত্বগ্রহণ সে বিষয়গুলো ভালো করে জেনে যত দ্রুত সম্ভব করে ফেলব।

“মহামান্য রাষ্ট্রপতির আদেশ, সেটার প্রতি যাতে কোনো অসম্মান বা বিলম্ব না ঘটে- এ বিষয়ে আমাদের যত্নশীল থাকতে হবে।”

আওয়ামী লীগ সমর্থক নীল দলের এই শিক্ষক বলেন, “এখানে যে আইনে বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়, সেটি কিন্তু জাতির জনক বঙ্গবুন্ধ শেখ মুজিবুর রহমানের দেওয়া। সুতরাং আমাদের মনে রাখতে হবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা। সেই পরিচালনার বিধিবিধান কিন্তু অত্যন্ত ভালোভাবেই মজবুত আছে।”

পুরনো খবর:

অধ্যাপক আখতারুজ্জামান ঢাবির নতুন উপাচার্য