২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের বাঁচাতে বিশ্ব বিবেককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের ঘটনায় ‘বিশ্ব বিবেককে’ মিয়ানমার সরকারের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার আহ্বান জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2017, 10:02 PM

Updated : 19 Aug 2022, 05:28 PM

রোববার ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এই আহ্বান জানান।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে ‘মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যার বিরুদ্ধে গর্জে ওঠো বিশ্ববিবেক’ শিরোনামে এই সমাবেশের আয়োজন করা হয়।

জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, “রোহিঙ্গারা কোন ধর্মের মানুষ, কোন জাতির মানুষ- তা বড় বিষয় নয়। তারা মানুষ, তাই মানুষের জীবন রক্ষা করতে হবে। মানবতাকে রক্ষা করতে হবে।”

গত ২৪ অগাস্ট মিয়ানমারের রাখাইনে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনাক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সেখানে নতুন করে দমন অভিযান শুরু হয়েছে।

মিয়ানমার সরকারের হিসাবেই, গত এক সপ্তাহে রাখাইনে সহিংসতায় অন্তত চারশ মানুষের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে বেসামরিক রোহিঙ্গাই বেশি। রোহিঙ্গা অধুষ্যিত এলাকায় গত এক সপ্তাহে ২৬০০ ঘর-বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে আবারও বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গাদের ঢল নেমেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের হিসাবে, সংঘাত থেকে বাঁচতে প্রায় ৬৮ হাজার রোহিঙ্গা এই কয়েক দিনে মিয়ানমার ছেড়ে পালিয়েছেন, যাদের অধিকাংশই প্রবেশ করেছেন বাংলাদেশে।

কক্সবাজার ও বান্দরবানে নাফ নদী পেরিয়ে সীমান্তের জিরো পয়েন্টে আশ্রয় নেওয়া অসহায় রোহিঙ্গাদের দিকে মিয়ানমারের সীমান্তরক্ষীদের গুলি করার ঘটনাও ঘটেছে।

গোলাম কুদ্দুছ বলেন, “আজ বিশ্বের সকল মানুষের উচিত মানবিকবোধে উজ্জীবিত হয়ে মিয়ানমার সরকারের এ ধরনের বর্বর নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে রুখে দাড়ানো।”

তিনি বলেন, রোহিঙ্গাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করার পর এখন তাদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে, তাদের হত্যা করা হচ্ছে, নারীরা হচ্ছে ধর্ষণের শিকার।

“জীবন বাঁচানের তাগিদে আজ হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশের ছুটে আসছে। আসতে গিয়ে নদীতে ডুবে তারা মরছে, আজ বাচ্চা বাচ্চা শিশুদের লাশ নদীতে ভাসছে। এ কোন পৃথিবী! সারা পৃথিবীর মানুষের কী কিছুই করার নেই?” 

জোটের সভাপতি বলেন, “মানবিক কারণে হয়ত রোহিঙ্গাদের ঢুকতে দিচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। এই মানবিক দৃষ্টিকোণটাকে আমরা সমর্থন করি, কিন্তু একই সঙ্গে আমরা সবাইকে সর্তক থাকার আহ্বান জানাচ্ছি।

“এই রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্বলতা ও মানবিক বিপর্যয়ের সুযোগ নিয়ে কেউ যাতে বাংলাদেশে অচলাবস্থা তৈরি করতে না পারে। রাজনৈতিকভাবে যাতে তাদের ব্যবহার করে বাংলাদেশে কোনো ধরনের নৈরাজ্য তৈরি করতে না পারে- সে বিষয়ে খেয়াল রাখতে হবে।”

জাতিসংঘ, ওআইসিসহ সারা বিশ্বের শান্তিকামী মানুষকে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান গোলাম কুদ্দুছ।

তিনি বলেন, “আপনারা মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগ করুন। আপনারা মিয়ানমারে এই ধরনের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করুন, রুখে দাঁড়ান, নিন্দা জানান।”

অন্যদের মধ্যে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী ও সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান এবং চারুশিল্পী সংসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান এই সমাবেশে অংশ নেন।