২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক সঞ্জীব চৌধুরীর মৃত্যু

সাংবাদিক সঞ্জীব চৌধুরী আর নেই।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2017, 12:45 AM

Updated : 12 Apr 2022, 12:15 AM

মস্তিষ্কে রক্তক্ষরণে বৃহস্পতিবার রাতে মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

ইংরেজি দৈনিক নিউ নেশনে কর্মরত ছিলেন সঞ্জীব চৌধুরী। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদেরও সদস্য ছিলেন।

তার এক সময়ের সহকর্মী আমার দেশ এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১০টা ২০ মিনিটে নিউ নেশনে কর্মরত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে স্বামীবাগের আজগর মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি।

সঞ্জীব চৌধুরী নিউ নেশনে সম্পাদকীয় বিভাগে কর্মরত ছিলেন। তিনি দৈনিক আমার দেশ, দৈনিক যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। তিনি কলাম লেখক হিসেবে বিভিন্ন পত্র-পত্রিকায় রাজনৈতিক নিবন্ধ লিখতেন।

সঞ্জীব চৌধুরী বিএনপি সমর্থিত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা ছিলেন।

বিএনপি চেয়াপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, সঞ্জীব চৌধুরীর মৃত্যুর সংবাদ শুনেই উত্তরা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় নেতা গৌতম চক্রবর্তী হাসপাতালে ছুটে যান।

বিএনপি মহাসচিব প্রয়াত সঞ্জীব চৌধুরীর স্ত্রী শ্যামা চৌধুরী, ছেলে দেবাশীষ চৌধুরী ও মেয়ে দেবাঙ্গন চৌধুরীর সঙ্গে  কথা বলেন এবং তাদেরকে সান্ত্বনা জানান।

শায়রুল জানান, রাতে মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হবে। শুক্রবার দুপুরে তার মরদেহ শেষে শ্রদ্ধা নিবেদনের জন্য নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে নেওয়া হবে। এরপর পোস্তগোলায় শশ্মানে প্রয়াত সঞ্জীব চৌধুরীর অন্তেষ্টিক্রিয়া হবে।

সঞ্জীব চৌধুরীর মৃত্যুতে লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন বলে শায়রুল জানান।