২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুগে যুগে মুক্তি সংগ্রামের কাণ্ডারি নজরুল: আহমদ রফিক

জাতীয়তাবাদ ও সাম্যবাদে দীক্ষিত কবি কাজী নজরুল ইসলাম যুগে যুগে গণমানুষের মুক্তি সংগ্রামের কাণ্ডারি বলে মন্তব্য করেছেন প্রাবন্ধিক-গবেষক আহমদ রফিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2017, 11:35 PM

Updated : 11 Oct 2022, 02:27 PM

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১তম প্রয়াণ দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমির আলোচনা সভায় এসে তিনি একথা বলেন।

মঙ্গলবার সন্ধ্যায় একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা বিভাগের পরিচালক সোহরাব উদ্দিন।

আহমদ রফিক বলেন, “কবি নজরুলের জীবনকে তিনটি পর্যায়ে ভাগ করা হলে প্রথমত তিনি জাতীয়তাবাদী, দ্বিতীয়ত বিপ্লব আকাঙ্ক্ষী ও তৃতীয়ত সাম্যবাদী। জীবনভর সাহিত্যকর্মে তিনি ভারতের স্বাধীনতা ও গণমানুষের অর্থনৈতিক মুক্তির কথা বলে গেছেন।

“কল্লোল যুগের লেখকরা সে সময় সমাজে একটা ঝাঁকুনি দিতে চেয়েছিলেন। নজরুল তখন যা পেরেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরও তা পারেননি। কল্লোল যুগের লেখকরা তাই নজরুলকে মাথায় তুলে রেখেছিল।”

কাজী নজরুল ইসলামকে ‘বিচিত্র সত্তার প্রতিভাবান মানুষ’ অভিহিত করে আহমদ রফিক বলেন, “নজরুল যুগের ডাক শুনতে পেয়েছিলেন। ভারতবর্ষের মুক্তি আন্দোলনের সময় তিনি যুগের দাবি পূরণ করতে পেরেছিলেন বলে অসম্ভব জনপ্রিয়তা অর্জন করতে পেরেছিলেন।”

আগাগোড়া অসাম্প্রদায়িক নজরুল ব্যক্তিগত জীবনের পাশাপাশি সৃষ্টিকর্মেও জাতীয়তাবাদের স্ফূরণ ঘটিয়েছিলেন বলে মন্তব্য করেন তিনি।

আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বে ‘মেঘের ডম্বুর ঘন বাঁজে’ ও  ‘আলগা করো গো খোঁপার বাঁধন’ এবং ‘মধুকর মন্দির বাজে গানের’ কথায় সমবেত সংগীত পরিবেশন করে বহ্নিশিখা।

সমবেত সংগীত পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশুদল ও ঢাকা সাংস্কৃতিক দল। একক সংগীত পরিবেশন করেন শারমীন সাথী ইসলাম, ইয়াকুব আলী খান, সুজিত মোস্তাফা, খালিদ হোসেন ও শামীমা পারভীন শিমু।

পরে গজল ও শ্যামা সংগীত পরিবেশন করেন শিল্পী শাহীন সামাদ। আবৃত্তি করেন গোলাম সারোয়ার ও লায়লা আফরোজ।