‘তেজস্ক্রিয় বর্জ্যবাহী’ জাহাজটি ভাঙায় নিষেধাজ্ঞা
চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘তেজস্ক্রিয় বর্জ্যবাহী’ জাহাজ এমটি প্রডিউসার কাটার উপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছে হাই কোর্ট।
গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) এক আবেদনে মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহমান ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই নিষেধাজ্ঞা দেয়।
আদালতের আদেশের কথা জানিয়ে বেলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চ আগামী ৫ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে।
“আদালত জাহাজের পাইপ ও পাইপে থাকা তেজষ্ক্রিয়তাযুক্ত তরল বর্জ্য অপসারণের উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে।”
বেলার পক্ষে মামলাটি পরিচালনা করেন ফিদা এম কামাল ও এ এম আমিন উদ্দিন। তাদের সহায়তা করেন সৈয়দা রিজওয়ানা হাসান, আলী মুস্তফা খান ও সাঈদ আহমেদ কবীর।
সীতাকুণ্ডের মাদাম বিবির হাটের জাহাজ ভাঙা শিল্প এলাকার জনতা স্টিল করপোরেশন শিপইয়ার্ডে গত বছর আনা হয় বিদেশি প্রতিষ্ঠান ‘মায়েরস্ক’ এর ‘বিষাক্ত’ অয়েল ট্যাংকার ‘নর্থ সি প্রডিউসার (বর্তমান নাম ‘প্রডিউসার)’।
ডেনমার্কভিত্তিক অনুসন্ধানী গণমাধ্যম ‘ড্যেনওয়াচ’ সর্বপ্রথম বিষয়টি সামনে আনে। তাদের অনুসন্ধানে জাহাজ মালিক কর্তৃপক্ষ ‘মায়েরস্ক’কে দায়ী করে বলা হয়, এটি বিক্রি ও স্ক্র্যাপ করার ক্ষেত্রে বাংলাদেশের আইন ও আন্তর্জাতিক মান রক্ষা করা হয়নি।
দ্বিতীয় একটি পক্ষের কাছ থেকে ৫৩ কোটি টাকায় কেনা অয়েল ট্যাংকারটি গত ১৪ অগাস্ট বাংলাদেশের সমুদ্র সীমায় আসে। শিল্প মন্ত্রণালয়ের কমিটির প্রতিবেদন শেষে এটি কাটা শুরু হয় জনতা স্টিলে।
বিদেশি গণমাধ্যম ‘জাহাজটি বিষাক্ত বর্জ্যযুক্ত ও মানব শরীরের জন্য ক্ষতিকর’ বললেও ইয়ার্ড মালিক আমান উদ্দিন দাবি করেন, শিল্প মন্ত্রণালয়ের সব নীতিমালা অনুসরণ করে এবং ছাড়পত্র পেয়ে তারা জাহাজটি কাটার জন্য আনেন।
কিন্তু বাংলাদেশের গণমাধ্যমেও এনিয়ে প্রতিবেদন প্রকাশ হলে বেলাও বিষয়টি নিয়ে তদন্তে নামে। এরপর হাই কোর্টে রিট আবেদন করে।
সাঈদ আহমেদ কবীর বলেন, “ব্রাসেলসভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা শিপব্রেকিং প্লাটফর্মের তথ্যমতে, জাহাজটিতে বিপুল পরিমাণ বর্জ্য থাকার সম্ভাবনা রয়েছে যা ভাঙার সময় মারাত্মক স্বাস্থ্যঝুঁকি, পরিবেশ দূষণ ও দুর্ঘটনা ঘটাতে সক্ষম।”
এই রিট আবেদনের প্রাথমিক শুনানির পর আদালত গত ৮ জুন জাহাজটির তেজষ্ক্রিয়তা বিষয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও বাংলাদেশ কাস্টমস্ এর মেগাপোর্ট ইনিসিয়েটিভকে ১০ সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিল।
একইসঙ্গে এমটি প্রডিউসারের ছাড়পত্র কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে বিবাদীদের প্রতি তিন সপ্তাহের রুল দিয়েছিল। পাশাপাশি জাহাজটির নিরাপদ ভাঙা নিশ্চিত করতে আমদানিকারকের খরচে কেন নিরপেক্ষ বিদেশি বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হবে না, সেই রুলও দেওয়া হয়েছিল।
বিবাদীদের কাছ থেকে রুলের কোনো উত্তর না মেলার পাশাপাশি জনতা স্টিল জাহাজটি ভাঙার উদ্দেশ্যে পাইপ ও পাইপে থাকা তেজষ্ক্রিয়তাযুক্ত তরল বর্জ্য অপসারণের উদ্যোগ গ্রহণ করলে বিষয়টি আদালতের নজরে আনা হয় বলে বেলা জানায়।
