রাজ্জাক-টিপু সুলতান-শামসুলের মৃত্যুতে মন্ত্রিসভার শোক
নায়করাজ রাজ্জাক, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতান এবং ফুটবলার শামসুল ইসলাম মোল্লার মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সর্বসম্মতভাবে এই শোক প্রস্তাব গ্রহণ করা হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন।
বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক (৭৫) গত ২১ অগাস্ট ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আওয়ামী লীগের টিকেটে যশোর-৫ আসন থেকে তিনবার নির্বাচিত সংসদ সদস্য মুক্তিযোদ্ধা খান টিপু সুলতান (৬৭) গত ২০ অগাস্ট চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সেন্ট্রাল হাসপাতালে মারা যান।
আর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বাবা সাবেক ফুটবলার শামসুল ইসলাম মোল্লা রোববার রাজশাহী নগরীর সাগরপাড়ার একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যান।
