২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনেত্রী আনোয়ারাকে প্রধানমন্ত্রীর অনুদান

চলচ্চিত্র অভিনেত্রী অসুস্থ আনোয়ারা বেগমের চিকিৎসায় ৩০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2017, 07:41 PM

Updated : 12 Apr 2022, 12:13 AM

প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন সাংবাদিকদের জানিয়েছেন, রোববার বিকালে গণভবনে অভিনেত্রী আনোয়ারার কাছে এই চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এসময় আনোয়ারার সঙ্গে ছিলেন তার মেয়ে রুমানা ইসলাম মুক্তি।

খোকন জানান, কিছুদিন আগে অভিনেত্রী আনোয়ারাকে নিয়ে গণমধ্যমে প্রকাশিত একটি সংবাদ দেখে তার সঙ্গে যোগাযোগ করতে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

ওই প্রতিবেদনে আনোয়ারাকে উদ্ধৃত করে বলা হয়, তিনি সাহায্য চান না, স্বামীর চিকিৎসার জন্য পাওনা টাকা ফেরত চান। ওই পাওনা টাকার জন্যই দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।

আইএমও মহাপরিচালকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার (আইএমও)মহাপরিচালক কিতাক লিম।

রোববার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিম সৌজন্য সাক্ষাতে যান বলেন সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম।

প্রধানমন্ত্রী বিদেশি জাহাজগুলোতে আরও বেশি বাংলাদেশি নাবিকের কর্মসংস্থানের বিষয়ে আইওএমের সহযোগিতা চেয়েছেন।

ইহসানুল করিম বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ উন্নতমানের অভ্যন্তরীণ ও সমুদ্রগামী জাহাজ নির্মাণ করছে। একটি উন্নয়নশীল দেশ হিসেবে শিপিং খাতে সক্ষমতা গড়ে তুলতে আইএমও’র সহায়তা প্রয়োজন।”

শেখ হাসিনা সমুদ্র দূষণের বিষয়ে আইএমও মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন এবং এর প্রভাবে বাংলাদেশের সামুদ্রিক সম্পদের ক্ষতির কথা তুলে ধরেন।

কিতাক লিম বাংলাদেশি নাবিকদের প্রশংসা করে বলেন, আইএমওর বি-ক্যাটাগরির সদস্য বাংলাদেশ সংস্থাটিতে ভালো করছে এবং এ খাতে এ দেশের অনেক সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী ও মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।