ঢাকা বোর্ডের সচিব গুলিবিদ্ধের ঘটনায় দুই পুলিশ বরখাস্ত
গুলশানে পুলিশের ছররা গুলিতে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব মো. শাহেদুল খবির চৌধুরী আহত হওয়ার ঘটনায় বাহিনীর দুই সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এরা হলেন- কনস্টেবল মো. আশরাফ ও মো. ইমরান।
বৃহস্পতিবার রাতের ওই ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে বলে পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদ জানিয়েছেন।
“তাই পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) কর্মরত আশরাফ ও ইমরানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অধিকতর তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার জন্য তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহউদ্দিন মিয়া জানান, সহকারী কমিশনার মো. কামরুজ্জামানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটিতে তাকেও রাখা হয়েছে। এক দিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক শাহেদুল খবির রাত ১০টার দিকে ওয়েস্টিন হোটেলের কাছে গুলিবিদ্ধ হন বলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহেদুল ওয়েস্টিনে একটি সভা শেষে বেরিয়ে গাড়ি ভাড়া করতে গুলশান-২ নম্বরের দিকে যাচ্ছিলেন।
“এ সময় ভুলবশত পুলিশের শটগানের ট্রিগারে চাপ পড়ে ছররা গুলি বেরিয়ে যায়। ১৯টি ছররা শাহেদুলের হাত, পা, বুক, পিঠ ও উরুতে লাগে। সঙ্গে সঙ্গেই পুলিশ তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে।”
শাহেদুল খবির চৌধুরী এখন শঙ্কামুক্ত বলে পুলিশ কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান।
ঢাকার পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া সকালে হাসপাতালে তাকে দেখে এসেছেন বলে জানান তিনি।
সকালে পুলিশ কর্মকর্তাদের হাসপাতালে যাওয়ার কথা জানিয়ে অধ্যাপক মাহবুবুর বলেন, “তারা বলেছেন, এ ঘটনায় তারা বিব্রত।”
এছাড়া শিক্ষক নেতা শাহেদুলের চিকিৎসার খরচও পুলিশের পক্ষ থেকে পরিশোধ করা হবে বলে পুলিশ কর্মকর্তরা বোর্ড চেয়ারম্যানকে জানিয়েছেন।
