পুলিশের ছররা গুলিতে আহত ঢাকা বোর্ডের সচিব
পুলিশের শটগান থেকে ‘দুর্ঘটনাবশত’ বেরিয়ে যাওয়া ছররা গুলিতে আহত হয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের সচিব ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক মো. শাহেদুল খবির চৌধুরী।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির এক সংবাদ সম্মেলনে শাহেদুল খবির (ডান দিক থেকে চতুর্থ জন)
শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওয়েস্টিন হোটেলে একটি সভা শেষ করে বৃহস্পতিবার রাত ১০টার দিকে গাড়ি ভাড়া করতে গুলশাল-২ নম্বরের দিকে যাচ্ছিলেন শাহেদুল।
“এ সময় পুলিশের শটগানের ট্রিগারে ভুলে চাপ পড়ে ছররা গুলি বেরিয়ে যায়। ১৯টি ছররা শাহেদুলের হাত, পা, বুক, পিঠ ও উরুতে লাগে। সঙ্গেসঙ্গেই পুলিশ তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে।”
শুক্রবার সকালে হাসপাতালে গিয়ে শাহেদুলকে দেখে এসেছেন জানিয়ে অধ্যাপক মাহবুবুর বলেন, “তিনি এখন সুস্থ্ আছেন। পুলিশ কর্মকর্তারাও শাহেদুলকে দেখতে হাসপাতালে এসেছিলেন। তারা বলেছেন, এ ঘটনায় তারা বিব্রত।
“পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, দায়ী পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, ঘটনা তদন্তে একটি কমিটিও করেছেন তারা।”
এছাড়া শিক্ষক নেতা শাহেদুলের চিকিৎসার খরচও পুলিশের পক্ষ থেকে পরিশোধ করা হবে বলে পুলিশ কর্মকর্তরা বোর্ড চেয়ারম্যানকে জানিয়েছেন।
শাহেদুলকে দেখতে শুক্রবার সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন ইউনাইটেড হাসপাতালে গিয়েছিলেন বলেও জানান অধ্যাপক মাহবুবুর।
এ বিষয়ে বক্তব্যের জন্য গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিকের মোবাইলে কয়েক দফা যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলামও এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
