ধর্ষণের আসামি গার্মেন্ট কর্মকর্তাকে ১০ দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি
সাভারের আশুলিয়ায় ধর্ষণের আসামি এক গার্মেন্ট কর্মকর্তাকে গ্রেপ্তারে ১০ দিন সময় বেঁধে দিয়েছে এ খাতের কয়েকটি শ্রমিক সংগঠন।
আশুলিয়ার অন্বেষা স্টাইল গার্মেন্টের উৎপাদন ব্যবস্থাপক (পিএম) হারুনুর রশীদকে ওই সময়ের মধ্যে গ্রেপ্তার করা না হলে ‘কঠোর কর্মসূচি’ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাগো বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহরানে সুলতান বাহার।
‘গার্মেন্ট শ্রমিকদের সংগঠনসমূহ’ ব্যানারে জাগো বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ফেডারেশন ছাড়াও টেক্সটাইল গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশন, জাতীয় পোশাক শিল্প শ্রমিক লীগ, সমন্বিত গার্মেন্ট শ্রমিক ফেডারেশন, জাতীয় শ্রমিক জোট, স্বাধীন বাংলা গার্মেন্ট শ্রমিক ফেডারেশন এবং গার্মেন্ট শ্রমিক সংহতিসহ মোট ১০টি সংগঠন শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনে অংশ নেয়।
বাহরানে সুলতান বাহার বলেন, “হারুনুর রশীদের বিরুদ্ধে কারখানার নারী শ্রমিকদের উত্ত্যক্ত করার বহু অভিযোগ রয়েছে। সর্বশেষ গত ২৮ জুলাই সে ওই কারখানার এক শ্রমিককে ধর্ষণ করে। এ বিষয়ে গত ৪ অগাস্ট আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে। ঘটনার পর থেকে হারুন পলাতক।”
বেঁধে দেওয়া সময়ের মধ্যে হারুনুরকে গ্রেপ্তার করা না হলে আগামী ২২ অগাস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিজিএমইএ এবং বিকেএমইএ কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেওয়া হবে। ওইদিন পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বাহার।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ওসি আব্দুল আউয়াল বলেন, “আসামি পলাতক আছে, তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।”
টেক্সটাইল গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসেন, স্বাধীন বাংলা গার্মেন্ট শ্রমিক ফেডারেশন সভাপতি শামীমা নাসরিন, জাতীয় শ্রমিক জোট সভাপতি মাহতাব উদ্দিন শহীদ এবং গার্মেন্ট শ্রমিক সংহতির আহ্বায়ক তাসলিমা আখতার মানববন্ধনে অংশ নেন।
