‘ফজিলাতুন নেছাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি না দেওয়া অন্যায়’
মুক্তিযদ্ধের সময় স্বামী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দুই ছেলের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে অনিশ্চিত জীবন কাটানো বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি না দেওয়া ‘অন্যায়’ বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিনাত হুদা।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা ও স্মরণ সভায় মূল প্রবন্ধে তিনি এ কথা বলেন।
‘একজন রেণু: অসামান্য নারী’ শিরোনামে মূল প্রবন্ধে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক জিনাত হুদা বলেন, “মুক্তিযোদ্ধার সংজ্ঞা নিয়ে রয়েছে নানা মত। বন্দুক, রাইফেল হাতে, যুদ্ধের ময়দানে যে তরুণ, যুবক জীবন বাজি রেখে মাতৃভূমিকে পাকিস্তানী শত্রুর হাত থেকে রক্ষা করার লড়াইয়ে নেমেছে, তার চেয়ে বড় মুক্তিযোদ্ধা কে-ই বা হতে পারে?
“কিন্তু যে নারী যুদ্ধক্ষেত্রে প্রত্যক্ষভাবে লড়াই না করেও স্বামী-সন্তানকে পাঠিয়ে দিলেন যুদ্ধের ময়দানে, প্রত্যক্ষ কিংবা অপ্রত্যক্ষভাবে মুক্তিযোদ্ধাদের জন্য সরবরাহ করলেন খাবার, অর্থ কিংবা অস্ত্র, তিনিও নিঃসন্দেহে মুক্তিযোদ্ধা। কিন্তু যে নারী ২৫ মার্চ থেকে মুক্তিযুদ্ধকালীন পুরো সময়টাতেই রইলেন বন্দিদশায়, স্বামী এবং দুই পুত্র থেকে বিচ্ছিন্ন হয়ে এক বিভীষিকাময় অনিশ্চিত জীবন কাটালেন, তাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি না দেওয়া রীতিমতো অন্যায়।”
অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি বলেন, “বঙ্গমাতা তার জীবনে অনেক কষ্ট সহ্য করেছেন, জীবন ছিল এক সংগ্রামের। তিনি তার জীবনের কঠিন সময়ের মধ্যেও দমে যাননি। আমরা যারা সাধারণ মানুষ, তার কর্মজীবনের কথা চিন্তাও করতে পারিনি।”
তিনি বলেন, “ছেলে-মেয়েদের কৃতিত্বের স্থানে পৌঁছে দেওয়ার স্বীকৃতিস্বরূপ আমরা রত্নগর্ভা মা হিসেবে সম্বোধন করি, কিন্তু যে মা শেখ হাসিনার মতো দেশরত্নকে জন্ম দিয়েছেন তাকে আমরা কি বলে সম্বোধন করব? বাংলা একাডেমির যেসব শব্দ আছে তা দিয়ে সম্বোধন করলে যথার্থ হবে না। সেটা নিয়ে ভাবতে হবে।”
সতীর্থ স্বজন প্রকাশনার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন।
অন্যদের মধ্যে সংসদ সদস্য কাজী রোজী, শেখ কামালের বন্ধু সাইদুর রহমান প্যাটেল ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়।
