২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিপার অনুদান

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, শিক্ষা সহায়তা ট্রাস্ট ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট্রের অনুদানের চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েসন (বিপা)

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2017, 04:35 PM

Updated : 11 Oct 2022, 02:22 PM

সভাপতি মোহাম্মদ লতিফ খানের নেতৃত্বে সংগঠনের একটি দল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার চেক হস্তান্তর করে। 

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এবিষয়ে সাংবাদিকদের জানান।

তিনি বলেন, “এসময় বিদ্যুতের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেছেন, দেশে প্রতিনিয়তই বিদ্যুতের চাহিদা বাড়ছে। ক্রমবর্ধমান বিদ্যুতের এই চাহিদা পূরণ করতে উৎপাদন আরো বাড়াতে হবে।”

তার সরকারের সময়ই বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনের অনুমতি দেওয়ার কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য গ্রাম কেন্দ্রিক উন্নয়ন।

দ্রুত উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “দেশের উন্নয়নের জন্য পাবলিক, প্রাইভেট এবং কো-অপারেটিভকে একসাথে কাজ করতে হবে।”

ভিক্ষার মানসিকতা ত্যাগ করার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “বিশ্বসভায় আমরা সম্মান নিয়ে মাথা ঊঁচু করে দাঁড়াতে চাই।”

এদিন বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েসনের সভাপতি শেখ কবির হোসেনের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট্রের অনুদানের চেক হস্তান্তর করেন।

এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই এলাহী, মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।