২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিলয় হত্যার বিচার ক্ষমতাসীনরাই চায় না: খুশী কবির

নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ডের দুই বছর পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে এই ব্লগারের স্মরণ সভায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2017, 12:00 AM

Updated : 19 Aug 2022, 05:15 PM

সোমবার বিকালে রাজধানীর শাহবাগে ‘মুক্তচিন্তা ও ন্যায়বিচারের পক্ষে জনতা’র ব্যানারে আয়োজিত এক অবস্থান ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে ক্ষোভ ঝরান বক্তারা।

মানবাধিকার কর্মী খুশি কবির বলেন, “আজকে যারা ক্ষমতায় আছেন, তারাই আসলে নিলয় হত্যার বিচার চাইছেন না।”

২০১৫ সালের ৭ অগাস্ট ঢাকার গোড়ানে ব্লগার নিলয়ের বাসায় ঢুকে তাকে কুপিয়ে হত্যা করা হয়। চার যুবক ওই হত্যাকাণ্ডে অংশ নেয় বলে নিলয়ের স্ত্রী ও শ্যালিকা পুলিশকে জানিয়েছিলেন।

ওই সময়ে সব লেখক, ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট হত্যাকাণ্ডে জঙ্গিরা জড়িত বলে পুলিশ বলে আসছে।   

খুশি কবির বলেন, “ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী তাদের মতবাদ চাপিয়ে দিতে একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে গেছে।

“আমরা যারা গণতন্ত্রের নীতি-আদর্শে বিশ্বাস করি, তারা কোনোভাবেই হেফাজতকে দেশ চালাতে দেব না। কোনোভাবেই চাই না, হেফাজতের মতো শক্তি সব নিয়ন্ত্রণ নিয়ে দেশ পরিচালনা করবে।”

পাশাপাশি তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা সমালোচনা করে তিনি বলেন, “আইন করে সবার মুখ বন্ধ করা হচ্ছে।”

নিলয় হত্যার বিচার চাইতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এম এম আকাশও ৫৭ ধারা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

সরকারের প্রতি অনুরোধ রেখে তিনি বলেন, “আইনটাকে এমন জবরদস্ত করবেন না, যেন সত্য পালিয়ে যায়।”

তথ্য প্রযুক্তি আইনের খড়গে প্রতিবাদের ভাষা এখন রুদ্ধ বলে মন্তব্য করেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও গণজাগরণ আন্দোলনের নেতা লাকী আক্তার।

“আজকে এক ভয়াবহ পরিবেশ বিরাজ করছে। কথা বলতে গেলে, প্রতিবাদ করতে গেলে ৫৭ ধারার ভয়। সব মানুষ কেমন নির্জীব হয়ে গেছে।”

বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ডকে সরকারদলীয় সংগঠনগুলো ‘দুর্ঘটনা’ বলে অপরাধ লঘু করতে চাইছে বলেও মন্তব্য করেন লাকী।

অবস্থান কর্মসূচিতে অংশ নেন আইনজীবী জীবনানন্দ জয়ন্ত, লেখক অদিতি ফাল্গুনী, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি তুহিন কান্তি দাস, অনলাইন অ্যাক্টিভিস্ট জাকিয়া শিশির, জান্নাতুল মরিয়ম তানিয়া।

সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার ২৭ বছর বয়সী নিলয় ইস্টিশন ব্লগে লিখতেন নিলয় নীল নামে।

নানা হুমকি পাওয়ার কারণে ফেইসবুক থেকে নিজের সব ছবি সরিয়ে ফেলার পাশাপাশি ঠিকানার জায়গায় বাংলাদেশের বদলে লিখেছিলেন ভারতের কলকাতার নাম। তাতেও বাঁচতে পারেননি তিনি।

হত্যাকাণ্ডের ঘণ্টা চারেক পর আল কায়েদার ভারতীয় উপমহাদেশের (একিউআইএস) বাংলাদেশ শাখা, আনসার আল ইসলামের নামে দায় স্বীকার করা হয়। তবে পুলিশের ভাষ্য, বাংলাদেশের জঙ্গিরা হত্যাকাণ্ড ঘটিয়ে বিদেশি সংগঠনের নাম ভাঁড়ায়। 

আরো পড়ুন

ঢাকায় ভর দুপুরে বাসায় ঢুকে ব্লগার হত্যা  

যেভাবে খুন হন নিলয়  

ব্লগার হত্যা: এগোচ্ছে না তদন্ত  

নিলয় হত্যা সহিষ্ণুতার উপর আঘাত: জাতিসংঘ  

ব্লগার নীলাদ্রি হত্যায় আরও দুজন গ্রেপ্তার