২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাদুঘর চালাতে দরকার বিশেষজ্ঞ: সংস্কৃতিমন্ত্রী

সরকারি কর্মকর্তা বা আমলা নয়, জাতীয় জাদুঘর পরিচালনার দায়িত্বে ‘জাদুঘর বিশেষজ্ঞ’ প্রয়োজন বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2017, 06:26 PM

Updated : 19 Aug 2022, 05:14 PM

প্রতিষ্ঠানটির প্রশাসনিক কাঠামো ‘আমূল পরিবর্তন’ করে এর জনবল সঙ্কট নিরসন করে গবেষণা ও প্রকাশনা খাতকে আরও বেশি সক্রিয় করে তোলার উপর গুরুত্বারোপ করেন তিনি।

জাতীয় জাদুঘরের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বিশেষ বক্তৃতানুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী বলেন, “জাদুঘরের দায়িত্বে প্রধান ব্যক্তি একজন সরকারি কর্মকর্তা। জাদুঘর সম্পর্কে তেমন কিছু জানতেন বলে মনে হয় না।”

এসময় জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরীকে দেখিয়ে বলেন, “ওনি পড়ুয়া মানুষ। জাদুঘর বিশেষজ্ঞ ছিলেন না পৃথিবীর কোনো দেশের জাদুঘরের দায়িত্বে মহাপরিচালক নন, জাদুঘর পরিচালনা করেন কিউরেটর।যিনি কিউরেটর হবেন, তাকে এ বিষয়ে বিশেষজ্ঞ হতে হবে, তার কোয়ালিফিকেশন থাকতে হবে।”

নূর বলেন, “আগামী বছর বা কোনো একটা সময় আজকের মহাপরিচালক চলে যাবেন, তার স্থলে আসবেন নতুন সরকারি কর্মকর্তা। এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে জাদুঘর পরিচালনা করা কঠিন। এর থেকে মুক্তি পেতে গেলে জনবল কাঠামো, পরিচালনা কাঠামো আমূল পরিবর্তন করা উচিৎ।”

জাতীয় জাদুঘরের প্রকাশনা ও গবেষণা খাত ‘বেশ পিছিয়ে রয়েছে’ এমন মন্তব্য করে তিনি জানান, এ বছর তিনি এ দুটি খাতে ‘বিশেষ’ গুরুত্বারোপ করবেন।

বিকালে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এই বক্তৃতা অনুষ্ঠান আয়োজন করে জাদুঘর কর্তৃপক্ষ। এতে প্রধান বক্তা ছিলেন জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ড. এনামুল হক। জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি হাশেম খানের সভাপতিত্বে স্বাগত ভাষণ রাখেন জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।

বক্তৃতায় ড. এনামুল হক জাদুঘরের জন্য সরকারি বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে প্রবেশমূল্য প্রত্যাহারের অনুরোধ জানান। একইসঙ্গে স্কুলের শিক্ষার্থীদের জন্য তিনি জাদুঘরের স্কুল বাস প্রকল্পটি আবার চালুর পরামর্শ দেন।

জাদুঘরের হল ভাড়া নিয়ে বিভিন্ন সংগঠনের অনুষ্ঠান আয়োজনে বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা প্রায়ই বিব্রত হচ্ছেন বলে মন্তব্য করেন এই বোর্ডের সভাপতি হাশেম খান।

সম্প্রতি একটি অনুষ্ঠানে বক্তারা ক্ষমতাসীন আওয়ামী লীগকে ‘স্বৈরাচার’ হিসেবে আখ্যা দেওয়ায় তাতে তারা বিব্রত হন। এসময় তিনি অভিযোগ করেন, পর্যাপ্ত অর্থ বরাদ্দ পাচ্ছেন না বলে বোর্ড অব ট্রাস্টিজ নিয়মিত সভাও করতে পারছে না।

লাইব্রেরির বই, প্রত্নতাত্ত্বিক সংগ্রহের ক্ষেত্রে বোর্ড অব ট্রাস্টিজের সঙ্গে আলোচনা করা হয় না বলেও অভিযোগ করেন তিনি।এসময় তিনি শিল্পাচার্য জয়নুল আবেদিনের গ্যালারি না থাকা, জয়নুলের আঁকা কাক সিরিজের ভুল ছবি প্রদর্শনের দায়ে জাদুঘর কর্তৃপক্ষের সমালোচনা করেন।

হাশেম খান বলেন, “এ মস্ত বড় অপরাধ। প্রায় নানা বিষয়ে বিপত্তি ঘটছে। এখানে যেসব অনুষ্ঠান হচ্ছে তা বিশেষজ্ঞ কমিটির সঙ্গে আলোচনা করে অনুমোদন নেওয়া উচিৎ।”

১৯১৩ সালের ২০ মার্চ প্রতিষ্ঠার পর সে বছর ৭ অগাস্ট চালু হয় ঢাকা জাদুঘর।পরে ১৯৮৩ সালে ১৭ নভেম্বর একে জাতীয় জাদুঘরের স্বীকৃতি দেওয়া হয়।