আশিয়ান সিটি: হাই কোর্টের রিভিউ রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি
ঢাকার দক্ষিণ খান মৌজায় আশিয়ান সিটি আবাসন প্রকল্প নিয়ে হাই কোর্টের দেওয়া রিভিউ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও রিটকারীদের আপিলের অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত।
চার সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষ এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিসহ (বেলা) রিটকারীদের আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়েছে।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ সোমবার হাই কোর্টের বিশেষ বেঞ্চের দেওয়া রিভিউ রায়ের ওপর স্থগিতাদেশ বহাল রেখে এ আদেশ দেয়।
আদালতে বেলা ও অপরাপর সংগঠনগুলোর পক্ষে ছিলেন ড. কামাল হোসেন, ফিদা এম কামাল, সৈয়দা রিজওয়ানা হাসান ও মিনহাজুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর আশিয়ান সিটির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী।
আইনজীবী রিজওয়ানা হাসান পরে সাংবাদিকদের বলেন, “হাই কোর্টের রিভিউ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও আমাদের লিভ টু আপিল গ্রহণ করেছে আপিল বিভাগ। আদালত বলেছে, চার সপ্তাহের মধ্যে লিভ টু আপিলের সারসংক্ষেপ জমা দিতে। এছাড়া হাই কোর্টের স্থগিতাদেশ এবং আশিয়ান সিটির প্রকল্পের সকল কার্যক্রমের ওপর যে নিষেধাজ্ঞা ছিল সেটি আগের মতই থাকবে।”
গত বছরের ১৬ অগাস্ট আশিয়ান সিটির রিভিউ আবেদন গ্রহণ করে বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক, বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি কাজী রেজা-উল হকের ‘বৃহত্তর’ হাই কোর্ট বেঞ্চ আশিয়ান সিটি আবাসিক প্রকল্প অবৈধ ঘোষণার রায় বাতিল করে।
পরে ওই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও রিটকারীরা চেম্বার আদালতে গেলে চেম্বার বিচারপতি তা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়।
পরে ২২ অগাস্ট প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ বিচারকের আপিল বেঞ্চ দুটি আবেদনের শুনানি নিয়ে হাই কোর্টের রিভিউ রায় স্থগিত করে দেয়। সেইসঙ্গে রিটকারী ও রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিলের অনুমতি দেওয়া হয়।
ওই লিভ টু আপিল গ্রহণ করেই সোমবার আদেশ দিয়েছে আপিল বিভাগ।
