২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশিয়ান সিটি: রিভিউর রায় স্থগিতের আবেদন পূর্ণাঙ্গ বেঞ্চে

ঢাকার দক্ষিণ খান মৌজায় আশিয়ান সিটি আবাসন প্রকল্প নিয়ে হাই কোর্টের দেওয়া রিভিউ’র রায় স্থগিতে রিটকারী সংগঠনগুলোর করা আবেদন পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছে চেম্বার আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2016, 12:30 AM

Updated : 20 Aug 2022, 01:29 PM

স্থগিতের এই আবেদন বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দারের আদালতে উপস্থাপন করা হলে তিনি তা পূর্ণাঙ্গ বেঞ্চে সোমবার শুনানির জন্য পাঠিয়ে দেন।

গত ১৬ অগাস্ট দেওয়া রিভিউর ওই রায়ের মাধ্যমে প্রকল্পটি অবৈধ ঘোষণা করে হাই কোর্টের দেওয়া পূর্ববর্তী রায় বাতিল হয়ে গিয়েছিল।

স্থগিতের আবেদনকারীদের পক্ষে আদালতে শুনানি করেন ফিদা এম কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীত দিকে হজ ক্যাম্প সংলগ্ন দক্ষিণ খান থানার আশকোনা ও কাওলা এলাকায় প্রতিষ্ঠানটির ওই প্রকল্পের নাম আশিয়ান সিটি প্রকল্প, যা বাস্তবায়নে রয়েছে আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেড।

ওই প্রকল্পের কার্যক্রম বন্ধের দাবিতে ২০১২ সালের ২২ ডিসেম্বর একটি রিট আবেদন নিয়ে হাই কোর্টে আসে আইন ও সালিশ কেন্দ্র, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি, ব্লাস্ট, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ, নিজেরা করি ও পরিবেশ বাঁচাও আন্দোলন।

তাদের অভিযোগ ছিল, ১৯৭২ সালের ল্যান্ড হোল্ডিং লিমিটেশন অর্ডার অনুসারে বাংলাদেশের কেউ ৩৩ একর বা ১০০ বিঘার বেশি জমি রাখতে পারেন না। কিন্তু আশিয়ান সিটি প্রকল্পের কাগজপত্র অনুসারে তারা ৪৩ দশমিক ১১ একর ভূমিতে আবাসন প্রকল্পের অনুমোদন পেয়েছে।

তাছাড়া ওই প্রকল্প এলাকা প্লাবন ভূমি ও নিচু জমি হওয়ায় এবং সেখানে খাল থাকায় জলাধার আইন অনুসারে ওই জমিতে আবাসন প্রকল্প করা যায় না বলেও রিট আবেদনে উল্লেখ করা হয়।

ওই রিটের প্রেক্ষিতে ২০১৩ সালের ২ জানুয়ারি হাই কোর্ট রুল জারি করে। রুলের ওপর চূড়ান্ত শুনানি করে ২০১৪ সালের ১৬ জানুয়ারি আশিয়ান সিটির ওই প্রকল্পের কার্যক্রম অবৈধ ঘোষণা করে হাই কোর্ট।

বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বৃহত্তর বেঞ্চে সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে ওই রায়ের ফলে আশিয়ান সিটির প্রকল্প এবং প্লট-ফ্ল্যাট কেনা-বেচাসহ সব কর্মকাণ্ডই অবৈধ হয়ে যায়।

আশিয়ান সিটি কর্তৃপক্ষ ওই রায় পুনর্বিবেচনার আবেদন করলে প্রধান বিচারপতি তিন বিচারকের নতুন বেঞ্চ ঠিক করে দেন, যাদের দুইজন আগেও ওই বেঞ্চে ছিলেন।

বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি কাজী রেজা-উল হকের সঙ্গে জ্যেষ্ঠতার ক্রমে দ্বিতীয় হিসাবে এই বেঞ্চে যোগ হন বিচারপতি নাইমা হায়দার।

নতুন এই বেঞ্চ গত মঙ্গলবার ওই প্রকল্পের কার্যক্রম অবৈধ ঘোষণা করে দেওয়া আগের রায় বাতিল করে আবাসন নির্মাতা প্রতিষ্ঠানটির রিভিউ গ্রহণ করে।

এর আগে এলাকাবাসীকে ভয় দেখিয়ে অবৈধভাবে ভূমি দখলের অভিযোগে পরিবেশ অধিদপ্তর ২০১১ সালের ১৬ নভেম্বর আশিয়ান সিটিকে ৫০ লাখ টাকা জরিমানা করে। অবশ্য পরে পরিবেশ মন্ত্রণালয় ওই জরিমানার পরিমাণ কমিয়ে ৫ লাখ টাকা নির্ধারণ করে।

পুরনো খবর:

আশিয়ান সিটির দক্ষিণ খান প্রকল্প নিয়ে রায় বাতিল