২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নারী লাঞ্ছনায়’ সাময়িক বহিষ্কার ছাত্রলীগ নেতা

ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এক ব্যক্তিসহ তার স্ত্রী ও শ্যালিকাকে লাঞ্ছিত করার অভিযোগে ছাত্রলীগের কেন্দ্র্রীয় পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক মিজানুর রহমান পিকুলকে সাময়িক বহিষ্কার করেছে সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2017, 02:43 PM

Updated : 19 Aug 2022, 05:14 PM

বিশ্ববিদ্যালয় এলাকার পাশে পলাশী বাজারে রোববার সন্ধ্যার ওই ঘটনার পর রাজধানীর চকবাজার থানায় লাঞ্ছনার লিখিত অভিযোগও করেছেন ভুক্তভোগী দুই নারী।

এরপর সংগঠনের শৃঙ্খলা ভাঙার অভিযোগে রাতেই পিকুলকে সাময়িক বহিষ্কার করে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্ততিতে জানায় ছাত্রলীগ।

Image
নারী লাঞ্ছনার অভিযোগ আসার পর সংগঠনের নেতাকে সাময়িক বহিষ্কার করে কারণ দর্শানোর নোটিস দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

নারী লাঞ্ছনার অভিযোগ আসার পর সংগঠনের নেতাকে সাময়িক বহিষ্কার করে কারণ দর্শানোর নোটিস দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “কেন্দ্রীয় কমিটির উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান পিকুলকে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হল এবং কেন স্থায়ী বহিস্কার করা হবে না তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে।”

ওই ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রোববার রাত ৮টার দিকে পলাশী বাজারে সদাই করতে যাওয়া রুহুল আমিন নামে এক ব্যক্তির সঙ্গে গায়ে ধাক্কা লাগে ছাত্রলীগ নেতা পিকুলের। পরে রুহুল আমিনের ওপর চড়াও হয়ে তাকে গালিগালাজ ও মারধর করেন পিকুল।

এসময় রুহুল আমিনের সঙ্গে থাকা তার স্ত্রী ও শ্যালিকা (ইডেন কলেজের ছাত্রী) প্রতিবাদ করায় তাদেরও মারতে উদ্যত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের এসএম হলে ফোন দিয়ে অনুসারী ১৫/২০ জনকে নিয়ে এসে দুই নারীকে লাঞ্ছনা করে পিকুল।

ঘটনার বিষয়ে সোমবার রুহুল আমিনের স্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাল সন্ধ্যায় স্বামী ও আমার ছোট বোনকে নিয়ে পলাশী মোড়ের মাছবাজারে মাছ কিনতে যাই। বাজারে মিজানুর রহমান পিকুলের সঙ্গে আমার স্বামীর ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে পিকুল আমার স্বামীকে গালিগালাজ করতে থাকে এবং মারধর করতে উদ্যত হয় ।

“এর প্রতিবাদ করতে গেলে পিকুল আমার ও আমার ছোট বোনের ওপর চড়াও হয়। পরে ফোনে তার অনুসারীদের ডেকে এনে আমাকে ও আমার ছোট বোনকে শারীরিকভাবে লাঞ্ছনা করে। আমার স্বামীকে মেরে রক্তাক্ত করে।”  

চকবাজার মডেল থানার ওসি শামীম অর রশিদ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতেই রুহুল আমিনের স্ত্রী বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। মামলা এখনও হয়নি।