ঢাকায় র্যাবের গুলিতে নিহত ১
পুরান ঢাকার কদমতলীতে র্যাবের গুলিতে একজন নিহত হয়েছেন।
নিহত ইমরান (৩৫) মাদক ব্যবসায়ী বলে র্যা বের একজন কর্মকর্তা দাবি করেছেন।
র্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত ৮টার দিকে কদমতলীর ওয়াসা এলাকায় মাদকবিরোধী অভিযানে যান তারা।
সে সময় ‘দুই পক্ষের গোলাগুলির মধ্যে’ গুলিবিদ্ধ ইমরানকে রাত পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ফারুকী বলেন, কদমতলী ওয়াসা পানি শোধনাগার এলাকায় বেশ কয়েকটি পুকুর রয়েছে। এই এলাকায় ইমরানের ভাই ‘বিল্লাল ডাকাতের একটি মাদকস্পট’ রয়েছে।
“মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার এবং মাদক উদ্ধারের লক্ষ্যে র্যাব সদস্যরা সাধারণ পোশাকে মাদকের ক্রেতা সেজে সেখানে যায়। মাদকের দরদাম করার সময় কয়েকজন টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা দুই-তিনজনকে জাপটে ধরে।
“তখন আশপাশে থাকা মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি করে। র্যাবও পাল্টা গুলি করে। যাদের জাপটে ধরা হয়েছিল তারা নিজেদের ছাড়িয়ে নেয় এবং আশপাশে থাকা আরও চার-পাঁচজন গুলি করতে করতে পুকুরে ঝপিয়ে পড়ে। র্যাব সদস্যরা তখন পুকুরে গুলি করলে একজন বিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যায়।”
ধস্তাধস্তির সময় একজনের কাছ থেকে একটি ‘গুলিভর্তি পিস্তল পড়ে যায়’ জানিয়ে এই র্যাব কর্মকর্তা বলেন, ওই অস্ত্র ছাড়াও বেশ কিছু ইয়াবা এবং মাদক বিক্রির প্রায় ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
ধস্তাধস্তির সময় র্যাবের তিন সদস্য আহত হন বলে দাবি করেন তিনি।
