২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট মামলায় দুই আসামির পক্ষে সাফাই সাক্ষ্য

একুশে অগাস্ট গ্রেনেড হামলার মামলায় আদালতে দুই আসামির পক্ষে সাফাই সাক্ষ্য নিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2017, 09:32 PM

Updated : 19 Aug 2022, 05:11 PM

মঙ্গলবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুরুদ্দিনের আদালতে সাফাই সাক্ষ্য নেওয়া হয়।

সাফাই সাক্ষ্য দেন মাওলানা আবু সাঈদ ওরফে ডা. জাফর এবং মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে অভি। এদের মধ্যে মহিবুল্লাহ আসামি আবুল কালাম আজাদ ওরফে বুলবুলের পক্ষে সাক্ষ্য দেন। জাফর নিজেই নিজের পক্ষে সাক্ষ্য দেন।

মহিবুল্লাহর সাক্ষ্য শেষ হলেও জাফরের সাক্ষ্য মঙ্গলবার শেষ হয়নি।

এ মাসের শেষ দিকে আলোচিত এই মামলার যুক্তিতর্কের শুনানি শুরু হতে পারে বলে আশা করছেন টাইব্যুনালের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূইয়া।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এর আগে ১২ জুন মামলাটিতে জামিনে ও কারাগারে থাকা ৩১ আসামির আত্মপক্ষ শুনানি হয়। আত্মপক্ষ শুনানিতে ৩১ আসামির সবাই নিজেদের নির্দোষ দাবি করেন।

মামলাটিতে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৮ জন আসামি পলাতক থাকায় তারা আত্মপক্ষ শুনানির সুযোগ পাননি।

আসামিদের মধ্যে খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক, সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলার সাবেক তিন তদন্ত কর্মকর্তা রুহুল আমিন, মুন্সি আতিকুর রহমান, আব্দুর রশীদ এবং সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম জামিনে রয়েছেন।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হুজি নেতা মুফতি আব্দুল হান্নানসহ ২৩ আসামি কারাগারে রয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে তারেক রহমানসহ ১৯ জন পলাতক।

২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা হয়। এতে দলের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আহত হন কয়েক শতাধিক।

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও শ্রবণশক্তি হারান।

তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার আমলে এই হামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার আমলে তদন্ত শেষ অভিযোগপত্র দেওয়া হয়।

আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর সম্পূরক অভিযোগপত্রে খালেদা জিয়ার ছেলে তারেকও আসামির তালিকায় যোগ হন।