২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ‘সুন্দর পরিবেশ নষ্টের পাঁয়তারা’ চলছে

উপাচার্য প্যানেল নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীদের বিশৃঙ্খল ঘটনাকে পুঁজি করে একটি মহল শিক্ষার পরিবেশ নষ্ট করার পাঁয়তারা চালাচ্ছে বলে দাবি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নামে আসা এক বিবৃতিতে।

নিজস্ব প্রতিবেদক

ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2017, 09:10 PM

Updated : 19 Aug 2022, 05:11 PM

শিক্ষক সমিতির প্যাডে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এই বিবৃতিটি দিয়েছেন সমিতির সহসভাপতি অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রহমত উল্লাহ।

তাদের বিবৃতিতে সাম্প্রতিক ঘটনাবলিতে উদ্বেগ জানিয়ে বলা হয়, “গত আট বছর বর্তমান প্রশাসনের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় যে সুন্দরভাবে পরিচালিত হয়েছে, তা বিনষ্ট করাই এই ধরনের ঘটনার উদ্দেশ্য।”

শিক্ষক সমিতির সভাপতি এ এস এম মাকসুদ কামালের স্বাক্ষর এই বিবৃতিতে নেই, যিনি বিশ্ববিদ্যালয়টিতে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের মধ্যে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের বিরোধী শিবিরের ব্যক্তি হিসেবে পরিচিত।

মাকসুদ কামাল বলেছেন, তাকে না জানিয়েই এই বিবৃতি দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের এক পক্ষের আপত্তি, বিএনপি সমর্থক শিক্ষকদের বর্জন এবং বাম ছাত্র সংগঠনের বিক্ষোভের মধ্যে গত শনিবার উপাচার্য প্যানেল মনোনীত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন বসে।

আওয়ামী লীগ সমর্থক নীল দলের একাংশের অভিযোগ ছিল, রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন না করেই ‘খণ্ডিত’ সিনেটের এই বৈঠকের কোনো গ্রহণযোগ্যতা নেই।

ওই সভায় আরেফিন সিদ্দিকসহ তিনজনের উপাচার্য প্যানেল সর্বসম্মতভাবে পাস হয়ে যায়।

সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের দাবিতে বিক্ষোভরত বাম ছাত্র সংগঠনের কর্মীদের সঙ্গে সভা চলাকালে শিক্ষকদের হাতাহাতি হয়, যা ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

Image
শিক্ষক-শিক্ষার্থী ধস্তাধস্তির এই ছবি ব্যাপক আলোচনার ‍সৃষ্টি করেছে

শিক্ষক-শিক্ষার্থী ধস্তাধস্তির এই ছবি ব্যাপক আলোচনার ‍সৃষ্টি করেছে

অধ্যাপক রুবাইয়াতুল ও অধ্যাপক রহমত উল্লাহর বিবৃতিতে বলা হয়, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি মনে করে, ওই দিনের ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীকালে বিভিন্ন মহলের নানা ব্যাখ্যা ও কৌতূহল শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির অপপ্রয়াস মাত্র। উদ্ভূত পরিস্থিতিতে আমরা মর্মাহত ও উদ্বিগ্ন।”

“বিশ্ববিদ্যালয় হল শিক্ষার্থী ও শিক্ষকের মিলনকেন্দ্র। এখানে কেউ কারও প্রতিপক্ষ নয়। আমরা সংশ্লিষ্ট সকল মহলকে দায়িত্বশীল এবং সকলের প্রতি সংবেদনশীল হতে উদাত্ত আহ্বান জানাচ্ছি,” বলা হয় বিবৃতিতে।

মাকসুদ কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘হঠাৎ করে’ সভা ডাকার পর তাকে না জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে।

“সাধারণ সম্পাদক ফোন বলেছে, আজকে (সোমবার) সমিতির জরুরি সভা আছে রাতে। আমি বলেছি, মিটিং করেন, আমি থাকতে পারবে না। তখন সে বলেছিল- ‘আমি যদি কোনো বিবৃতি পাঠাই, আপনাকে পড়ে শোনাব বিবৃতিটা, যদি আপনার যদি কোন কথা থাকে তাহলে জানাবেন’। সে আমাকে পড়েও শোনায় নাই বিবৃতিটা। বিবৃতি সম্পর্কে আমি কিছুই জানি না।”

সভা আহ্বানের ক্ষেত্রে রেওয়াজ ভঙ্গ করার অভিযোগ তুলে মাকসুদ কামাল বলেন, “শিক্ষক সমিতির সাধারণ সভা ও জরুরি সভা যখন ডাকা হয়, তখন সভাপতি সঙ্গে কথা বলে সময় ঠিক করা হয়। কিন্তু সে (সাধারণ সম্পাদক) পূর্বে সময় ঠিক করে আমাকে ফোন দিয়ে বলে, ‘আপনি রাত সাড়ে ৮টার দিকে থাকবে কি না?’ এটা শিক্ষক সমিতির রেওয়াজের পরিপন্থি।”

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে নীল দলের আহ্বায়ক অধ্যাপক নাজমা শাহীনের জমা দেওয়া প্যানেলকে চ্যালেঞ্জ জানিয়ে আলাদা প্যানেল দিয়েছিলেন শিক্ষক সমিতির সভাপতি মাকসুদ কামাল।

বর্তমান পরিস্থিতিতে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “সিনেট অধিবেশন নিয়ে যা ঘটেছে ছাত্র ও শিক্ষকদের মধ্যে, তা যেন সুন্দরভাবে নিষ্পত্তি হয়। যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে পারি।”

সভা ও বিবৃতির বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রহমত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সভাপতিকে বলা হয়েছিল মিটিংয়ের জন্য। সভাপতি বলেছিলেন, মিটিংয়ে থাকতে পারবে না।

“সভাপতির অনুপস্থিতিতে সহ-সভাপতি দায়িত্ব পালন করতে পারেন, এ ক্ষেত্রে কোনো বাধা থাকে না। আর যিনি উপস্থিতি ছিলেন, অর্থাৎ সহ-সভাপতির স্বাক্ষরে বিজ্ঞপ্তি পাঠানো হয়।”

এদিকে বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. আখতার হোসেন খান আরেক বিবৃতিতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে অপ্রীতিকর ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করেন।

তিনি বলেন, “উপাচার্য প্যানেল নির্বাচন নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় বিধায় সাদা দল সিনেটের এ অধিবেশন বর্জন করে। কিন্তু অধিবেশন চলাকালে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

“এ ধরনের ঘটনার নিন্দা জানানোর ভাষাও আমাদের জানা নেই। শিক্ষক হিসেবে এ ঘটনায় আমরা উদ্বিগ্ন, লজ্জিত এবং ক্ষুব্ধ। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এ ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

পুরনো খবর:

ঢাবি সিনেট ভবনে শিক্ষক-শিক্ষার্থী হাতাহাতি
ঢাবি সিনেটে ভোট ছাড়াই ভিসি প্যানেল চূড়ান্ত