তরুণদের ক্যামেরায় জীবনের রঙ
তরুণ শিক্ষার্থীদের ক্যামেরার লেন্সে প্রাণ ফিরে পেয়েছে জীবনের ‘রঙ’। শহর কিংবা গ্রাম, সবুজের বন-বনানী, ধূসর বালুচর, সূর্যাস্তের রঙফুল- কি নেই সেখানে।
এমনই সব আলোকচিত্রের হাট বসেছে শিল্পকলা একাডেমিতে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আলোকচিত্রীদের তোলা আলোকচিত্রগুলো দেখে মনে হয়েছে- ‘ছবিও কথা বলে’।
ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (ডিইউপিএস) ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে এই প্রদর্শনীতে ১১১টি আলোকচিত্র স্থান পেয়েছে।
সোমবার প্রদর্শনী স্থলে আসার হলিক্রস কলেজের ছাত্রী সাবরিনা আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা যারা নবীন তারাও যে ছবি তুলতে পারি, তা এই প্রদর্শনীর ছবি দেখে বোঝা যায়। ক্যামেরার লেন্সের ব্যবহার হয়ত আমরা অনেকেই ভালো জানি না, তবে তোলা ছবিগুলো কথা বলে- আমরা নতুনরা কী বলতে চাই।”
শিক্ষার্থী তানজিদ আহমেদ অপুর ক্যামেরায় ধূসর ভূমির বিবর্ণ চিত্র, ইয়াকুব আলীর ক্যামেরায় পাবর্ত্য চট্টগ্রামের পাহাড়ের বনাঞ্চল, জুলকারনাইন হায়দারের ক্যামেরায় সদ্য জন্মলাভ করার মুরগীর ছানার নতুন জীবনকথা, মেহেদি হাসানের ক্যামেরায় পড়ন্ত বিকালে কালো ছাগলের ঘরে ফেরার দৃশ্য দেখে মনে হয়েছে পড়ালেখার পাশাপাশি এসব শিক্ষার্থীরাও চারপাশের জীবনকে জানতে শিখেছে।
শিক্ষার্থীদের পাশাপাশি ফ্রিল্যান্স ও পেশাদার কয়েকজন আলোকচিত্রীর আলোকচিত্রও প্রদর্শনীতে স্থান পেয়েছে।
সমাপনী দিনে আলোকচিত্রী নাসির আলী মামুনকে ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির পক্ষ থেকে আজীবন সন্মানা দেওয়া হয়।
