জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২ ফেব্রুয়ারি
প্রতি বছর ২ ফেব্রুয়ারি ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস’ হিসেবে পালনের প্রস্তাবে সায় দিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ২ ফেব্রুয়ারি তারিখকে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ঘোষণা করে দিবসটি উদযাপনে মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত পরিপত্রের ‘গ’ ক্রমিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, “খাদ্য মন্ত্রণালয় দিবসটি ‘খ’ শ্রণিতে অন্তর্ভুক্তের প্রস্তাব করলেও বিশ্ব খাদ্য দিবস একই শ্রেণিতে থাকায় আলোচনার পরিপ্রেক্ষিতে এটাকে ‘গ’ শ্রেণিভুক্ত করা হয়েছে।”
মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র অনুযায়ী ‘ক’ শ্রেণিভুক্ত দিবসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ধরনের দিবসে আর্থিক বরাদ্দের পরিমাণ বেশি হয়।
হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
তিনটি আইন একই রকম জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এগুলোতে তেমন কোনো পরিবর্তন নেই, আগে যেরকম ছিল অনেকটা একইরকমভাবে করা হয়েছে। আগে ইংরেজিতে ছিল এখন বাংলায় করা হয়েছে।”
শ্রীলঙ্কার সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি অনুসমর্থন
বাংলাদেশ ও শ্রীলঙ্কা সরকারের মধ্যে স্বাক্ষরিত ভিসা অব্যাহতি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সচিব শফিউল বলেন, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গত ১৪ জুলাই ঢাকায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
“ওই চুক্তি অনুযায়ী দুই দেশের ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের দুই দেশে আসা-যাওয়া করতে কোনো ভিসা লাগবে না। আজকে মন্ত্রিসভা ওই চুক্তিটি অনুসমর্থন করল।”
