অবৈধ সম্পদ: বিএনপির সাবেক এমপি ওহাবের বিচার চলবে
ঝিনাইদহ-১ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য মো. আব্দুল ওহাবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলা বিচারিক আদালতে চলবে বলে রায় দিয়েছে আপিল বিভাগ।
হাই কোর্টের দেওয়া রুল ও মামলার কার্যক্রমের স্থগিতাদেশ বাতিল করে সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেয়।
আদালতে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান ও একেএম ফজুলল হক। আব্দুল ওহাবের পক্ষে ছিলেন আব্দুল বাসেত মজুমদার ও ব্যারিস্টার আমিনুল হক।
পরে খুরশিদ আলম খান বলেন, “সাবেক সংসদ সদস্য আব্দুল ওহাবের বিরুদ্ধে দুর্নীতির মামলার বিষয়ে হাই কোর্টের দেওয়া আদেশ আপিল বিভাগে বাতিল হয়ে গেছে। ফলে যশোর বিশেষ আদালতে এ মামলা চলতে কোনো বাধা নেই।’
যশোর বিশেষ জজ আদালতে মামলাটি সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। মোট ২১ সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ১৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৩ এপ্রিল আব্দুল ওহাবের বিরুদ্ধে ৪৫ লাখ ৯৭ হাজার ৮১০ টাকা জ্ঞাত আয় বহির্ভূত এবং ৮৯ লাখ ৯২ হাজার ৬৭৭ টাকার মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ঝিনাইদহ সদর থানায় মামলা করে দুদক।
২০০৯ সালের ৪ নভেম্বর অভিযোগ পত্র দেওয়া হয়, যা ২২ নভেম্বর আমলে নিয়ে বিচারকাজ শুরু করে যশোর বিশেষ জজ আদালত।
পরবর্তীতে মামলা বাতিলের আবেদন নিয়ে হাই কোর্টে যান ওহাব। হাই কোর্ট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ মামলায় স্থগিতাদেশ দেয়।
এরপর চলতি বছরের এপ্রিলে মামলার বিচার কার্যক্রম স্থগিত চেয়ে আবেদন করলে হাই কোর্ট আবেদনটির শুনানি নিয়ে ১৮ এপ্রিল খারিজ করে দেয়।
এ আদেশের বিরুদ্ধে হাই কোর্টে রিভিশন আবেদন করলে গত ১১ জুলাই বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চ রুল জারির পাশাপাশি মামলার কার্যক্রমের ওপরও স্থগিতাদেশ দেয়।
হাই কোর্টের এ আদেশ স্থগিত চেয়ে গত মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে দুদক। পরদিন চেম্বার আদালত বিষয়টি শুনানির জন্য আপিলের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়।
সোমবার আপিল বিভাগ দুদকের আবেদনের শুনানি নিয়ে হাই কোর্টের আদেশ স্থগিত করে রায় দেয়।
