২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রতিনিয়ত মুখোমুখি হতে হয় বলে বাংলাদেশের জনগণ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2017, 02:47 PM

Updated : 19 Aug 2022, 05:10 PM

রাজধানীতে চলমান পানি সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিরা শনিবার দুপুরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে একথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, “প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে আমরা বসবাস করছি, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য প্রস্তুত।”

এর আগে সকালে হোটেল সোনারগাঁওয়ে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য-এসডিজি ৬ অন্তর্ভুক্ত পানি সংক্রান্ত বৈঠকের অংশ হিসেবে ঢাকা পানি সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

Image
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

বৈঠকের অংশ হিসেবে পানি সম্মেলন ছাড়া ডেল্টা ওয়ার্কিং সেশন এবং জাতিসংঘের পানি সংক্রান্ত উচ্চ পর্যায়ের প্যানেলে বিভিন্ন দেশের সরকারি মুখপাত্রদের (শেরপা) দশম বৈঠক রয়েছে।

বৈঠকের দ্বিতীয় দিনে পানি সম্মেলনের উদ্বোধনের পর বিভিন্ন পর্বে অংশ নেওয়া প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে ওই সাক্ষাৎ করতে তিনি তাদের স্বাগত জানান বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

প্রধানমন্ত্রী বলেন, তাদের বাংলাদেশে আসার এখনই সর্বোত্তম সময়, যেহেতু বর্ষাকাল চলছে।

"এখনই গুরুত্বপূর্ণ সময়, আপনারা এখানে বর্ষা দেখতে এবং অভিজ্ঞতা নিয়ে পানি বিষয়ে আপনাদের মূল্যবান মতামত দিতে পারবেন”, বলেন প্রধানমন্ত্রী।

পানি ব্যবস্থাপনায় গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রীর বাংলাদেশের নদী ভাঙন বন্ধের উপায় খুঁজে বের করতে প্রতিনিধি দলকে অনুরোধ করেন।

জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশসহ বিশ্বের জন্য নতুন সমস্যা সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

সাক্ষাতের সময় স্থানীয় সরকার মন্ত্রী খন্দোকার মোশাররফ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং এসডিজি বিষয়ক প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সমন্বয়কারী আবুলকালাম আজাদ উপস্থিত ছিলেন।