২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকবাজারে যুবক খুন

রাজধানীর চকবাজার থানা এলাকায় এক যুবক খুন হয়েছেন, যার দেহে ধারাল অস্ত্রের আঘাত ও গুলির চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2017, 01:11 AM

Updated : 12 Apr 2022, 12:02 AM

নিহত মঞ্জুর (২৭) কেরাণীগঞ্জের জিয়ানগর মালঞ্চ এলাকার বাসিন্দা।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেড়ীবাঁধ সংলগ্ন ইসলামবাগ বাগানবাড়ি এলাকায় তিনি আক্রান্ত হন বলে চকবাজার থানার পরিদর্শক (অপারেশন) মোরাদুল ইসলাম জানান।

মঞ্জুর আগেও একবার গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সে এলাকায় ছিনতাইকারী হিসাবে চিহ্নিত। তার বিরুদ্ধে চকবাজার ছাড়াও লালবাগ থানায় একাধিক মামলা রয়েছে।”

মঞ্জুর গুলিবিদ্ধ হওয়ার কথা জানানোর কয়েক ঘণ্টা পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পুলিশ।

পরিদর্শক মোরাদুল জানান, ওই যুবককে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে জানতে পেরে পুলিশ সেখানে গিয়ে কাউকে পায়নি। স্বজনরা লাশ নিয়ে গেছে বলে হাসপাতাল থেকে জানানো হয়। পরে তার বাসার সন্ধানে নামেন পুলিশ সদস্যরা।

এর কয়েক ঘণ্টা পর কেরাণীগঞ্জের মালঞ্চে নিজের বাসায় মঞ্জুরের লাশ পাওয়ার কথা জানান কেরাণীগঞ্জ থানার পরিদর্শক মোক্তার হোসেন।