২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসি সম্মেলন শুরু মঙ্গলবার

তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন মঙ্গলবার শুরু হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2017, 04:53 PM

Updated : 19 Aug 2022, 05:08 PM

প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন উদ্বোধন করবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সোমবার সচিবালয়ে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০১৭’ নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান।

সরকারের নীতি-নির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনা-সামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার জন্য প্রতি বছর জেলা প্রশাসক সম্মেলন আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সাথে সরকারের নীতি, দর্শন, প্রাধিকার- এগুলো নিয়ে প্রতি বছর এ বৈঠক হয়।”

এবার সম্মেলনে প্রাপ্ত প্রস্তাবের সংখ্যা ৩৪৯টি জানিয়ে তিনি বলেন, এগুলো ৫২টি মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কিত।

“মুক্ত আলোচনায় প্রধানমন্ত্রী মাঠ প্রশাসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে শুনবেন ও নির্দেশনা দেবেন।”

প্রথম দিন বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এই অধিবেধন হবে।

২৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দিক-নির্দেশনা নেবেন জেলা প্রশাসকরা। এই অনুষ্ঠান হবে বঙ্গভবনের দরবার হলে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, সম্মেলনে মোট ২২টি অধিবেশন থাকবে। এরমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ অংশগ্রহণকারী ৫২টি মন্ত্রণালয়ের ১৮টি কার্য অধিবেশন থাকবে। এতে মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবরা অংশ নেবেন। কার্য অধিবেশনগুলোতে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব।

আগামী ২৭ জুলাই বৃহস্পতিবার বেলা ৩টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত হবে সমাপনী অধিবেশন।

গত বছর নেওয়া ডিসি সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত বছরের ডিসি সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৯৩ দশমিক ৩২ শতাংশ।

“বাস্তবায়নের হার সাধারণত এমনই হয়,” বলেন তিনি।