২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অন্যের সাজা খাটতে গিয়ে ধরা

হালের আলোচিত চলচ্চিত্র আয়নাবাজির মতো আসামি সেজে ধরা পড়েছেন এক ব্যক্তি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2017, 10:18 PM

Updated : 19 Aug 2022, 05:06 PM

আরিফ খান নামে এই ব্যক্তি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চক পালপাড়া গ্রামের আরজ খানের ছেলে।

মামলার মূল আসামি একই গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে আয়নাল হকেরও শেষ রক্ষা হয়নি। আরিফের সঙ্গে তাকেও কারাগারে পাঠানো হয়েছে।

আসল-নকল দুই আসামির মামলা বাতিল আবেদনে হাই কোর্টে শুনানি চলাকালে উন্মোচিত হল এই জালিয়াতির ঘটনা।

এই জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সিঙ্গাইর থানার ওসিকে নির্দেশ দিয়েছে আদালত। 

বুধবার বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি এস এম মজিবুর রহমানের বেঞ্চ এ দুই আসামিকে কারাগারে পাঠিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।

আদালতে আসল আসামি আয়নাল হকের পক্ষে আইনজীবী ছিলেন গোলাম কিবরিয়া, আজমিনা বেগম ও কামরুন্নাহার সীমা।

নকল আসামি আরিফ খানের পক্ষে ছিলেন আবদুল মজিদ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন-অর-রশিদ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন সাংবাদিকদের বলেন, “আদেশের সময় আদালত বলেছেন, এ ঘটনা জঘন্যতম। এটা বিচার বিভাগের জন্য হুমকি, এ জাতীয় ঘটনা প্রতিরোধ করতে না পারলে বিচার বিভাগ সম্পর্কে সাধারণ মানুষের মনে বিরূপ ধারণার তৈরি হবে, যারা টাকা-পয়সা দিয়ে এভাবে কেনাবেচা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিৎ।”

রাষ্ট্রের এই আইন কর্মকর্তা ঘটনার বর্ণনাও দেন সাংবাদিকদের কাছে।

আয়নাল হকের বিরুদ্ধে ২০০৪ সালের ২৮ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে সিঙ্গাইর থানায় মামলা করা হয়। মামলার অভিযোগে ঘটনার তারিখ বলা হয় ২০০৩ সালের ৯ ডিসেম্বর। এ মামলায় তদন্ত শেষে পুলিশ আয়নাল হকের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

২০১৩ সালের ২০ জানুয়ারি মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আসামি আয়নাল হককে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এসময় আয়নাল হক মালয়েশিয়ায় ছিল। আদালত তাকে পলাতক দেখিয়ে সাজা দেয়।

এ রায়ের পর আয়নাল হক সেজে একই গ্রামের আরিফ খান ২০১৩ সালের ২৪ সেপ্টেম্বর মানিকগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তখন তাকে কারাগারে পাঠিয়ে দেয়।

২০১৪ সালে ওই রায় বাতিল চেয়ে হাই কোর্টে (কোয়াশমেন্ট) আবেদন করে আয়নালবেশী আরিফ খান। এ আবেদনে হাই কোর্ট রুল জারি করে।

কেন তার বিরুদ্ধে মামলা বাতিল করা হবে না, জানতে চাওয়া হয় রুলে। সে রুলটিও বিচারাধীন।

হারুন-অর-রশিদ বলেন, “এরও কিছুদিন পর আরিফ খানের মা আলেয়া বেগম তার ছেলের মুক্তির জন্য হাই কোর্টে আবেদন করেন। ছেলেকে অবৈধভাবে আটক রাখা হয়েছে দাবি করে এ আবেদন করা হয়। এ আবেদনে হাই কোর্ট বিষয়টি তদন্ত করে পুলিশকে আদালতে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয়।”

কিন্তু আদালতে পুলিশের প্রতিবেদন না আসায় ২০১৫ সালের ২১ এপ্রিল হাই কোর্ট তাকে ছয় মাসের জামিন দেওয়ার পাশাপাশি রুল জারি করে। এরপর আরিফ খান কারাগার থেকে মুক্তি পান। এ রুলটিও বিচারাধীন।

“আরিফ খানের মুক্তির পর ২০১৫ সালের ৫ জুন মালয়েশিয়া থেকে দেশে ফেরেন আসল আসামি আয়নাল হক। পরে ৯ জুলাই সে আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। সেই থেকে আয়নাল হকও কারাগারে।”

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, এরপর আয়নাল হক সাজা বাতিল চেয়ে হাই কোর্টে কোয়াশমেন্ট আবেদন করে। আদালত রুল জারি করে। এ রুলের ওপর শুনানিতেই পুরো জালিয়াতির বিষয়টি উঠে আসে।

তখন হাই কোর্ট দুই আসামি আয়নাল হক ও আরিফ খান এবং আরিফ খানের মা আলেয়া বেগমকে তলব করে।

আদালতের নির্দেশে আয়নাল হককে গত ৩ জুলাই কারাগার থেকে হাই কোর্টে হাজির করা হয়। আদালত তার বক্তব্য শোনেন।

গত ১২ জুলাই আলেয়া বেগম হাই কোর্টে হাজির হয়ে বক্তব্য দেন।

বুধবার আরিফ খানকে হাজির করা হলে আদালতে তিনি বলেন, আসল আসামি আয়নাল হকের আত্মীয়-স্বজনরা তাকে নগদ দুই লাখ টাকা এবং বিনা টাকায় মালয়েশিয়ায় নেওয়ার প্রলোভন দেখিয়ে আয়নাল হক সাজিয়ে আত্মসমর্পণ করিয়েছিল।  

আরিফ খানের বক্তব্য শোনার পর আদালত আরিফ খান ও তার মা আলেয়া বেগমের আবেদনে জারি করা রুল খারিজ করে এ আদেশ দেয়।

আয়নাল হকের আবেদনে জারি করা রুলের ওপর আগামী ২৬ জুলাই শুনানির দিন ধার্য করা হয়েছে।

পুরনো খবর:

মুক্তি পেলেন অন্যের হয়ে জেলখাটা ভুট্টো