শোক দিবস ঘিরে চাঁদাবাজি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দিন জাতীয় শোক দিবস সবাই মিলেমিশে পালন করে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এই দিবস ঘিরে কোনো চাঁদাবাজি হয় না।
তাই এতে চাঁদাবাজি নিয়ে কোনো তৎপরতার দরকার আছে বলে মনে করছেন না তিনি।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় শোক দিবসের নিরাপত্তা বিষয়ক এক সভা শেষে মন্ত্রী বলেন, জাতীয় শোক দিবসের কর্মসূচি নির্বিঘ্ন করতে টুঙ্গীপাড়া, ধানমন্ডি ৩২ নম্বর ও বনানী কবরস্থানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। যেসব জায়গায় সিসি ক্যামেরা বসানো দরকার, নিরাপত্তা বাহিনী তা স্থাপন করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এই অনুষ্ঠান সবাই মিলেমিশে করেন। কাজেই চাঁদাবাজির প্রশ্নই আসে না। সেটা প্রশ্ন আসে যদি কোনো জায়গায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। সেখানে আমাদের নিরাপত্তা বাহিনী অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে।”
শোক দিবসের অনুষ্ঠানে ‘জঙ্গি হামলার’ কোনো আশঙ্কাও করছেন না তিনি।
শোক দিবসের কর্মসূচির শৃঙ্খলা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনী কাজ করবে জানিয়ে কামাল বলেন, “এই দিনটি পালন করার একটি রীতি তৈরি হয়েছে। যেমন খিচুড়ি ও তবারক বিতরণ এবং মিলাদ মাহফিল। এসব যেন সুশৃঙ্খলভাবে করতে পারে, সে ব্যবস্থা নিরাপত্তা বাহিনী করবে।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. কামাল উদ্দিন আহমেদ, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এবং ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।
