২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা না তুললে ফের কঠোর হবেন জাবি শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ভবন ভাংচুরের ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে কর্তৃপক্ষের করা হত্যাচেষ্টা মামলা প্রতিশ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার না হলে ফের অনশনের মতো কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2017, 09:04 PM

Updated : 11 Oct 2022, 02:17 PM

মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পূর্বঘোষিত ছাত্র-শিক্ষক সংহতি সমাবেশ থেকে এমন ঘোষণা দেন শিক্ষার্থীরা।

‘প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর’ ব্যানারে অনুষ্ঠিত এ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের দুই-শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।

সমাবেশে শেষে একটি মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন কলা ভবনে গিয়ে শেষ হয়।

এর আগে সমাবেশে বক্তারা আগামী সাত দিনের মধ্যে মামলা তুলে নিতে প্রশাসনের আশ্বাসের কথা স্মারণ করিয়ে দেন।

ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সহ-সভাপতি অলিউর রহমান সানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, প্রশাসন মামলা প্রত্যাহারের বিষয়ে যেসব কার্যকরী উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন সাত দিনের মধ্যে তার বাস্তবায়ন দেখতে চান তারা। এর ব্যত্যয় ঘটলে পুনরায় কঠোর আন্দোলনে নামবেন শিক্ষার্থীরা।

গত ২৬ মে ভোরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হওয়ার পর উপাচার্য ভবনে ভাংচুরের ঘটনা ঘটে। এ নিয়ে প্রশাসন ৫৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করে। এ মামলায় গ্রেপ্তার হন ৪২ শিক্ষার্থী।

পরে এ মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের মধ্যে শনিবার দুপুর থেকে অনশনে যান আট শিক্ষার্থী।

অনশনের তৃতীয় দিন সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেন সাত দিনের মধ্যে মামলা প্রত্যাহারের জন্য করণীয় সব করবেন বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করে তাদের অনশন ভাঙান।

তবে অনশন ভাঙলেও মামলা তুলে নেওয়ার আগ পর্যন্ত শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান।