আরও ৫ টিভিতে শিশুদের জন্য এক মিনিট
‘প্রাইম টাইমে’ শিশুদের সংবাদ ও বিজ্ঞাপনের জন্য ইউনিসেফের সহযোগিতায় এক মিনিট সময় রাখবে বাংলাদেশের আরও পাঁচটি বেসরকারি টেলিভিশন স্টেশন।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর উপস্থিতিতে জাতিসংঘের শিশু অধিকার সংস্থাটির সঙ্গে এ সংক্রান্ত সমঝোতা স্মারক সই করে ওই পাঁচ টেলিভিশন।
এগুলো হচ্ছে- একাত্তর টিভি, একুশে টিভি, বিজয় টিভি, বাংলা টিভি ও দুরন্ত টেলিভিশন।
এর আগে বিটিভিসহ ছয়টি টেলিভিশন স্টেশন ইউনিসেফের সঙ্গে একই ধরনের সমঝোতা স্মারক সই করে। সেগুলো হচ্ছে এটিএন বাংলা, দেশ টিভি, বৈশাখী টিভি, সময় টিভি, চ্যানেল টোয়েন্টিফোর ও গাজী টিভি।
ইউনিসেফের পক্ষে মঙ্গলবার সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশে সংস্থার অফিস ইনচার্জ সারা বোরদাস এডি।
অন্যদিকে একাত্তর টিভির সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া জামান, একুশে টিভির নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স প্রধান রাশেদ চৌধুরী, বিজয় টিভির ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মহিবুল হাসান, দুরন্ত টিভির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বারিন্দ মিডিয়া লিমিটেডের পরিচালক অভিজিৎ চৌধুরী ও বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
সারা বোরদাস এডি
স্বাগত বক্তব্যে ইউনিসেফ কর্মকর্তা সারা বোরদাস জানান, এই সমঝোতা স্মারকের মাধ্যমে পাঁচটি টেলিভিশন চ্যানেল প্রধান সময়ে বিনা পয়সায় এক মিনিট শিশু বিষয়ক কাভারেজের জন্য বরাদ্দ করবে। সংবাদ, ভিডিও, বিজ্ঞাপন এবং টিভি স্ক্রল এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে।
তিনি বলেন, “শিশু অধিকারের বিষয়ে মা-বাবা, নীতি নির্ধারক ও সমাজের সচেতনতা বাড়াতে এই অংশীদারিত্ব উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। শিশুরাই এখন নিজেদের জন্য কথা বলতে পারবে।”
অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী ইনু বলেন, সংবাদ ও বিনোদনের বাইরে এসে এখন গণমাধ্যম বহুমাত্রিক ভূমিকা রাখছে। গণমাধ্যম শিশুর কল্যাণ, শিশুর বিকাশের জন্য নানামুখী কাজ করে থাকে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ইউনিসেফের এই উদ্যোগ।
“ইউনিসেফ এগিয়ে এসে সবার কাছ থেকে এক মিনিট সময় চেয়ে নিয়েছে। এখন গণমাধ্যমগুলোর কাজ হবে আরেকটু এগিয়ে আসা। আপনারা আরেও সময় বাড়িয়ে এগিয়ে আসলে এই উদ্যোগ সমৃদ্ধ হবে।”
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
এই সমঝোতার মাধ্যমে শিশুদের এবং সর্বোপরি দেশের ভবিষ্যত নির্মাণে আরেক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব হবে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
গণমাধ্যমের কর্তাব্যক্তিদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, “শিশু নির্যাতন বন্ধের জন্য সরকার কাজ করছে। আপনারা সেক্ষেত্রে এগিয়ে আসুন। তাহলে প্রশাসনের উদ্যোগ নেওয়া আরও সহজ হবে।।”
একাত্তর টিভির সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া জামান
একাত্তর টিভির সামিয়া জামান বলেন, “যাদের কথা ভাষা পায় না তাদের কথা তুলে আনার জন্য গত পাঁচ বছর কাজ করছে একাত্তর টেলিভিশন। সেখানে শিশুদের কথাকে তুলে আনার উদ্যোগও আমাদের রয়েছে। এর সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে এক মিনিট বরাদ্দের এই উদ্যোগ।
“সেটা প্রাইম টাইমেই হবে। কারণ চুক্তি করলাম আর সেটাকে পাঠিয়ে দিলাম রাতের অন্ধকারে; সেটা যেন না হয়।”
একুশে টিভির নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স প্রধান রাশেদ চৌধুরী
একুশে টিভির নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স প্রধান রাশেদ চৌধুরী বলেন, আমাদের জনসংখ্যার প্রায় ৫ কোটি শিশু। এই অর্ধেক জনসংখ্যাকে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব না।
‘মুক্তখবর’সহ বিভিন্ন কর্মসূচিতে ইউনিসেফের সঙ্গে একুশে টেলিভিশনের সম্পৃক্ততার কথা তুলে ধরে তিনি বলেন, “এবার এক মিনিট সময় বরাদ্দের মাধ্যমে নতুনভাবে সম্পৃক্ত হল।”
বিজয় টিভির ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মহিবুল হাসান
বিজয় টিভির ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মহিবুল হাসান বলেন, “প্রাইম টাইমে এক মিনিট সময় দেওয়ার জন্য আমরা এই সমঝোতা স্মারক সই করছি। কিন্তু শুধু এক মিনিট নয়, এর চেয়ে অনেক বেশি দেওয়ার চেষ্টা করব।”
দুরন্ত টিভির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বারিন্দ মিডিয়া লিমিটেডের পরিচালক অভিজিৎ চৌধুরী
সম্প্রচারের অপেক্ষায় থাকা দুরন্ত টিভির পক্ষে অভিজিৎ চৌধুরী বলেন, “আমরা শিশুদের জন্য নতুন পৃথিবীর গড়ার স্বপ্ন দেখি। তাদের মতামত নেওয়া, তাদের মতামত প্রকাশ ও সেটার জন্য প্ল্যাটফর্ম তৈরির প্রয়োজন আছে। আমরা সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। সম্প্রচারে আসার পর সেটা আপনাদের কাছে স্পষ্ট হবে।”
বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক
বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক বলেন, “আমরা এখানে অঙ্গীকারাবদ্ধ হচ্ছি শিশুদের জন্য কাজ করার। ইউনিসেফ এক মিনিট সময় দেওয়ার উদ্যোগ নিয়েছে। আমরাও সে অনুযায়ী দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছি। শিশুদের জন্য সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা আমাদের থাকবে।”
