৪ সপ্তাহের মধ্যে চিকুনগুনিয়া নির্মূল: মেয়র খোকন
রোগের বাহক এডিস মশা নির্মূলের মাধ্যমে আগামী চার সপ্তাহের মধ্যে চিকুনগুনিয়া নির্মূলের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
মঙ্গলবার দুপুরে পুরান ঢাকায় মহানগর মহিলা কলেজ চত্বরের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এই ঘোষণা দেন তিনি।
মেয়র খোকন বলেন, “আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে চিকুনগুনিয়া নির্মূল করা হবে।”
চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই মানববন্ধন আয়োজন করা হয়।
চিকুনগুনিয়া প্রতিরোধে জনপ্রতিনিধিদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান মেয়র।
মানববন্ধন শেষে সিটি কর্পোরেশনের কর্মীরা পুরো এলাকায় মশার ওষুধ ছিটান।
