আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন শিক্ষামন্ত্রী নাহিদ
শিক্ষাক্ষেত্রে ‘অবদানের স্বীকৃতি হিসেবে’ এ বছরের ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
ভারতের মুম্বাইয়ে আগামী ২৩ থেকে ২৪ নভেম্বর অনুষ্ঠেয় ষষ্ঠ ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেসে নাহিদকে এই পুরস্কার দেওয়া হবে বলে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তাতে বলা হয়, শিক্ষাক্ষেত্রে নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি হিসেবে ‘ব্যক্তিগত ক্যাটাগরিতে’ শিক্ষামন্ত্রী এই পুরস্কার পাচ্ছেন।
“ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেসের জুরি ও কাউন্সিল অব বোর্ড মেম্বার্স আগামী ২৩ নভেম্বর শিক্ষামন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেবেন। অ্যাওয়ার্ড হিসেবে একটি ট্রফি ও সাইটেশন দেওয়া হবে।”
শিক্ষামন্ত্রীকে পাঠানো এক চিঠিতে ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেসের অ্যাওয়ার্ডস অ্যান্ড অ্যাকাডেমিক কমিটির চেয়ারম্যান এডওয়ার্ড স্মিথ বলেন, “শিক্ষাক্ষেত্রে আপনার নেতৃত্ব ও অবদান সুপরিচিত। এক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ ও আইকনিক ব্যক্তিত্ব।”
নাহিদকে ‘পরিবর্তনে বিশ্বাসী একজন রোল মডেল’ হিসেবে বর্ণনা করে স্মিথ লিখেছেন, এ পুরস্কারের লক্ষ্য হচ্ছে সেরাদের মধ্যে সেরা নির্বাচন করা।
ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেসে বক্তব্য দেওয়ার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের জন্য শিক্ষামন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
