২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্রাম্যমাণ আদালত: হাই কোর্টের রায় স্থগিতের মেয়াদ দুই সপ্তাহ বাড়ল

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ‘অবৈধ’ ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায়ের ওপর স্থগিতাদেশ আরও দুই সপ্তাহ বাড়িয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2017, 10:57 AM

Updated : 11 Oct 2022, 02:17 PM

পুরনো খবর:

ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অসাংবিধানিক: হাই কোর্ট

রাষ্ট্রপক্ষের করা সময়ের আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন ছয় বিচারকের আপিল বিভাগ মঙ্গলবার এই আদেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার হাসান এম এস আজিম।

সময়ের আবেদনের শুনানিতে অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, “জুডিশিয়ারিকে কর্নার্ড করে দেশের মঙ্গল হয় না। মনে রাখাবেন, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রতি সবারই দায়িত্ব আছে। একদিন আপনিও থাকবেন না, আমিও থাকব না। এই বিচার বিভাগ থাকবে।

“বিচার বিভাগ ও সরকারের মাঝে আপিনি হলেন ব্রিজ। যা কথা বলার আপনাকেই বলব।”

পরে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, “ভ্রাম্যমাণ আদালত নিয়ে আদালতের দৃষ্টিভঙ্গি সরকারকে জানাব। এর আগেও সময় দেওয়া হয়েছিল সরকারের সঙ্গে কথা বলার জন্য। সেটা আমি করে উঠতে পারিনি। সে জন্যই আজ আদালতের কাছে চার সপ্তাহের সময়ের আবেদন করেছিলাম। আদালত দুই সপ্তাহের সময় দিয়েছে।”

স্থগিতাদেশের মেয়াদ বাড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে আরও দুই সপ্তাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা নেই বলে জানান তিনি।

তিনটি রিট আবেদনের প্রেক্ষিতে ২০১১ ও ২০১২ সালে জারি করা রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাই কোর্ট বেঞ্চ গত ১১ মে ওই রায় দেয়।

২০০৯ সালের ভ্রাম্যমাণ আদালত আইনের ১১টি ধারা-উপধারা অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে হাই কোর্টের ওই রায়ে বলা হয়, এ আইন বিচার বিভাগের স্বাধীনতারও পরিপন্থি।

রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে গেলে বিষয়টি গত ২১ মে আদালতে ওঠে। অ্যাটর্নি জেনারেল ওইদিন শুনানি ছয় সপ্তাহ পেছানোর আবেদন করলে আপিল বিভাগ ২ জুলাই শুনানির পরবর্তী তারিখ রেখে ওই সময় পর্যন্ত হাই কোর্টের রায় স্থগিত করে দেয়। এরপর রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনে স্থগিতাদেশের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানো হয়।

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালে ভ্রাম্যমাণ আদালত অধ্যাদেশ জারি করে। পরবর্তীতে আওয়ামী লীগ নেতৃত্বধীন মহাজোট সরকার ২০০৯ সালের ৪ অক্টোবর জাতীয় সংসদে পাস করে তা আইনে পরিণত করে। এরপর থেকে এটি ভ্রাম্যমাণ আদালত আইন নামে পরিচিত।

এ আইনের ৫ ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে। আইনের ৬(১), ৬(২), ৬(৪), ৭, ৮(১), ৯ ও ১০ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পদ্ধতি, ১১ ধারায় জেলা ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা ও ১৩ ধারায় আপিল সংক্রান্ত বিধান রয়েছে। আর ১৫ ধারায় তফসিল সংশোধনে সরকারের ক্ষমতার বিধান রয়েছে।

রায়ের সার-সংক্ষেপে হাই কোর্ট বলে, “ভ্রাম্যমাণ আদালত আইনের এসব ধারা মাসদার হোসেন মামলার সঙ্গে সাংঘর্ষিক। একইসঙ্গে সংবিধানের মৌলিক দুটি স্তম্ভ বিচার বিভাগের স্বাধীনতা ও ক্ষমতার পৃথকীকরণ নীতির পরিপন্থি। তাই এ ধারাগুলোকে অসাংবিধানিক ঘোষণা করা হল।”