প্রধানমন্ত্রীর সঙ্গে দুই বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন সুইজারল্যান্ড ও সুইডেনের বিদায়ী রাষ্ট্রদূত।
বৃহস্পতিবার সকালে প্রথমে সুইজারল্যান্ডের বিদায়ী বাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ফস এবং পরে সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিশেল প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।
সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অনেক অগ্রগতি তিনি দেখেছেন। প্রতিবছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির প্রশংসা করেন তিনি।
ইহসানুল করিম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাকে ‘ভিশনারি লিডার’ হিসেবে বর্ণনা করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত।
“রাষ্ট্রদূত জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে বিভিন্ন সহযোগিতা হচ্ছে। সুইজারল্যান্ড ৭০টি লোকোমোটিভ সরবরাহ করবে। এছাড়া জ্বালানি খাতেও দুই দেশের সহযোগিতার কথা তিনি তুলে ধরেছেন।”
প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী সুইজারল্যান্ড থেকে আরো বিনিয়োগ চেয়েছেন এবং বাংলাদেশের সস্তা শ্রম ও অন্যান্য বিনিয়োগ সুবিধা কাজে লাগাতে বলেছেন।
সুইজারল্যান্ড ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রদূত। সেইসঙ্গে শীর্ষ নেতাদের সফরের ওপর গুরুত্ব আরোপ করেন।
বাংলাদেশে থাকার সময়টা খুব উপভোগ করেছেন বলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে জানিয়েছেন সুইডেনের রাষ্ট্রদূত ফ্রিশেল।
বাংলাদেশকে তিনি ‘চমৎকার’ দেশ হিসেবে বর্ণনা করেন বলে প্রেস সচিব জানান।
তিনি বলেন, “সুইডিশ রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশে দ্রুত অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে। সম্প্রতি সে দেশে বাংলাদেশের সরকার প্রধানের দ্বিপক্ষীয় সফর দুদেশের সম্পর্ককে আরো সম্প্রসারিত করেছে বলে তিনি মনে করেন।”
