২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৩ হাজার বাংলাদেশির ‘সেকেন্ড হোম’ মালয়েশিয়া

একটি বিশেষ কর্মসূচির আওতায় গত দেড় দশকে মালয়েশিয়ায় দ্বিতীয় বাড়ি গড়ার অনুমতি পেয়েছেন বিভিন্ন দেশের ৩৩ হাজারের বেশি মানুষ, যাদের মধ্যে সংখ্যায় তৃতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছেন বাংলাদেশিরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2017, 03:08 PM

Updated : 19 Aug 2022, 05:04 PM

বৃহস্পতিবার কুয়ালালামপুরে এমএম২এইচ জাতীয় কর্মশালায় দেশটির পর্যটন ও সংস্কৃতি বিষয়কমন্ত্রী নাজরি আজিজ এ তথ্য জানান।

তিনি বলেন, ২০০২ সালে মালয়েশিয়া মাই সেকেন্ড হোম (এমএম২এইচ) নামে এই কর্মসূচি চালুর পর থেকে ভালো সাড়া পড়েছে।এ পর্যণ্ত ১২৬টি দেশের ৩৩ হাজার ৩০০ মানুষ এই সুবিধা পেয়েছেন।

“এই কর্মসূচির অংশীদার হিসেবে শীর্ষে রয়েছে চীন; দেশটির ৮ হাজার ৭১৪ জন এই সুবিধা পেয়েছে। এরপরই জাপানের অবস্থান; দেশটির ৪ হাজার ২২৫ জন মালয়েশিয়ায় ‘সেকেন্ড হোম’ গড়ার অনুমতি পেয়েছেন। এরপর যথাক্রমে বাংলাদেশ (৩,৫৪৬), যুক্তরাজ্য (২,৪১২), ইরান (১,৩৩৬), সিঙ্গাপুর (১,২৯৫), তাইওয়ান (১,২০৮), দক্ষিণ কোরিয়া (১,২৬৬), পাকিস্তান (৯৭৩) ও ভারতের (৮৯০) অবস্থান।”

মন্ত্রী নাজরি বলেন, সেকেন্ড হোম কর্মসূচির আওতায় অংশ নেওয়া মানুষরা স্থাবর সুবিধা ও রাজস্ব হিসাবে মোট এক হাজার ২৮০ কোটি মালয়েশিয়ান রিঙ্গিত জাতীয় অর্থনীতিতে যোগ করেছেন।

এমএম২এইচ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ থেকে মুদ্রা পাচার হচ্ছে বলে অভিযোগ রয়েছে, যা দুর্নীতি দমন কমিশনের নজরে রয়েছে।

এক লাখ ডলার জমা দেওয়াসহ বিশেষ কিছু শর্ত পূর্ণ করে যে কোনো দেশের নাগরিকরা মালয়েশিয়ায় দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ পান। প্রাথমিকভাবে ১০ বছরমেয়াদী সোস্যাল ভিসা নবায়নযোগ্য।