অনিয়মের অভিযোগে বিআরটিএর দুই কর্মচারীর নিয়োগ বাতিল
অনিয়মের অভিযোগে অস্থায়ীভিত্তিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএতে কর্মরত দুই কর্মচারীর নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
যাদের নিয়োগ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন- ‘সিল মেকানিক’ মো. শাহিন ও মো. সুলতান মাহমুদ।
বুধবার দুপুরে মন্ত্রী মিরপুর বিআরটিএ কার্যালয়ে আকষ্মিক পরিদর্শনে গিয়ে তাদের নিয়োগ বাতিলে বিআরটিএ চেয়ারম্যানকে এ নির্দেশ দেন বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, পরিদর্শনকালে সেবাগ্রহিতারা সিল মেকানিক শাহিন ও সুলতানের বিরুদ্ধে মন্ত্রীর কাছে অনিয়মের অভিযোগ করেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় মন্ত্রী তাৎক্ষণিক তাদের নিয়োগ বাতিলের নির্দেশনা দেন।
এছাড়া যথাযথ নিয়ম মেনে এবং সততার সঙ্গে যানবাহনের বিভিন্ন ধরনের সেবা দিতে বিআরটিএর কর্মচারীদের নির্দেশ দেন মন্ত্রী।
কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা তদন্তপূর্বক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেন তিনি।
