২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি শিক্ষকদের বেতনের ১০ শতাংশ কর্তনের সিদ্ধান্তের প্রতিবাদ

অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট খাতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতনের ১০ শতাংশ কর্তনে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে শিক্ষকদের দুইটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2017, 04:25 PM

Updated : 11 Oct 2022, 02:16 PM

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এ প্রতিবাদ জানায় বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বেতনের ১০ শতাংশ কর্তনে গত ১৫ জুন শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন আগামী তিনদিনের মধ্যে প্রত্যাহার না করা হলে সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাওয়ার হুমকি দেন শিক্ষক নেতারা।

তারা জানান, প্রজ্ঞাপনের আগে শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে ২ শতাংশ কল্যাণ ট্রাস্ট খাতে ও ৪ শতাংশ অবসর বোর্ড খাতে কেটে নেওয়া হত। নতুন প্রজ্ঞাপন অনুসারে ২ শতাংশ করে বাড়িয়ে মোট ১০ শতাংশ করা হয়েছে।

মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবিতে আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কিছু সংখ্যক সরকারি তোষামোদকারী শিক্ষক নেতা নতুন করে একটা প্রজ্ঞাপন জারি করল, সেই প্রজ্ঞাপনে উল্লেখ করা হল, এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে ১০ শতাংশ অবসর ও কল্যাণ ভাতা খাতে কেটে নেওয়া হবে।”

এই সিদ্ধান্তকে ‘অত্যান্ত অগণতান্ত্রিক ও স্বৈরাচারী’ আখ্যায়িত করে তিনি বলেন, “এই সিদ্ধান্ত কোনোভাবেই শিক্ষকরা মেনে নিতে পারে না। আমাদের কথা বিবেচনা করে, আমাদের বাস্তবতার কথা চিন্তা করে তিনদিনের মধ্যে এই প্রজ্ঞাপন প্রত্যাহার করুণ।

“আগামী তিনদিনের মধ্যে প্রজ্ঞাপন প্রত্যাহার না করা হলে দেশের এমপিওভুক্ত পাঁচ লাখ শিক্ষক পথে নামবে, এই সরকারের বিরুদ্ধে, এই বেআইনি প্রজ্ঞাপন প্রত্যাহারের বিরুদ্ধে।”

শিক্ষক সমিতির নেতা আবু বকর অভিযোগ করে বলেন, “যেখাতে আমাদের বৈশাখী ভাতা দেওয়া হচ্ছে না, যেখাতে আমাদেরকে বেতনের ৫ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছে না, যেখানে আমাদেরকে পূর্ণাঙ্গ উৎসব ভাতা দেওয়া হচ্ছে না, যেখানে শিক্ষাকে জাতীয়করণের লক্ষে আন্দোলন সংগ্রাম করছি, সেই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে কিছু সংখ্যক শিক্ষক নেতারা সরকারকে প্ররোচনা দিয়ে, বিভ্রান্ত করে এই প্রজ্ঞাপন জারি করেছে।”

শিক্ষাকে জাতীয়করণের দাবি জানিয়ে তিনি বলেন, “শিক্ষা নীতিতে বলা আছে, সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণের কথা, কিন্তু এই সরকার শিক্ষা নীতিকে উপেক্ষা করাই সরকারি-বেসরকারি শিক্ষার বৈষম্য আরো দীর্ঘায়িত হচ্ছে।

“কিছু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে শিক্ষাকে বিভ্রান্তের পথে ফেলে দিচ্ছে। আমাদেরকে বাদ দিয়ে কিছু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই।”

বিচ্ছিন্নভাবে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ নয়, পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের দাবি জানান শিক্ষক নেতারা।

মানববন্ধনে অন্যদের মধ্যে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. নূর মোহাম্মদ তালুকদার, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, সহ-সভাপতি রঞ্জিত কুমার সাহা বক্তব্য রাখেন।