সরকারকে টিআইবির ধন্যবাদ
৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস জাতীয় পর্যায়ে উদযাপনের অনুমোদন দেওয়ায় সরকারকে অভিনন্দন জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
মঙ্গলবার টিআইবির যোগাযোগ বিভাগের পরিচালক রিজওয়ান-উল-আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে জাতীয় পর্যায়ে পালনের সিদ্ধান্ত হয়।
এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের জাতীয় স্বীকৃতি প্রদান সুশাসন প্রতিষ্ঠায় সরকারের গৃহীত নীতি-কৌশলের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।
“সরকারিভাবে এ দিবস পালনের সিদ্ধান্তের মাধ্যমে একদিকে জাতীয় পর্যায়ে দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন ও কার্যকরভাবে তার দায়িত্ব পালনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টির ও অন্যদিকে দুর্নীতি প্রতিরোধে আন্তর্জাতিক অঙ্গীকারপূরণে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিশ্রুতি ও রাজনৈতিক সদিচ্ছারও বাস্তায়নের দায় আরও বৃদ্ধি পেল।”
জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদভুক্ত রাষ্ট্র হিসেবে সরকারিভাবে এই দিবস পালনের সিদ্ধান্ত সুশাসন ও দুর্নীতি প্রতিরোধে জনগণ, সুশীল সমাজ, গণমাধ্যমের সম্মিলিত শক্তির পরিপূর্ণ বিকাশের সম্ভাবনাকে উজ্জ্বল করবে বলে আশা করছে টিআইবি।
জাতিসংঘের উদ্যোগে ২০০৩ সালের ৩১ অক্টোবর দুর্নীতিবিরোধী সনদ গৃহীত হয়। একই বছরের ৯ ডিসেম্বর ৮৭টি দেশ সনদটিতে স্বাক্ষর করে।
স্বাক্ষরের দিনটি স্মরণীয় করে রাখতে ও বিশ্বব্যাপী দুর্নীতিবিরোধী আন্দোলনের পক্ষে জনসচেতনতা তৈরির জন্য জাতিসংঘ ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে।
