২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের চালু হবে বাংলাদেশ-মিশর সংস্কৃতি বিনিময় কার্যক্রম: মন্ত্রী

মিশরের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আবারো শুরু করতে তোড়জোড় শুরু করেছে সংস্কৃতি মন্ত্রণালয়|

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2017, 05:10 PM

Updated : 19 Aug 2022, 05:03 PM

সাংস্কৃতিক চুক্তির মেয়াদ ফুরিয়ে গেলে মধ্যপ্রাচ্যের দেশটির সঙ্গে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার দুপুরে ঢাকা সফররত মিশরের সাবেক পরিবার ও জনসংখ্যামন্ত্রী মাউসিরা খাত্তাবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

তিনি বলেন, “আবারো সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম চালু করার ব্যাপারে প্রস্তাবনা তৈরি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দুই দেশের মধ্যে এ বিনিময় কার্যক্রম চালু হলে তা আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরো দৃঢ় করবে।”  

মিশরের সাবেক পরিবার ও জনসংখ্যামন্ত্রী মাউসিরা খাত্তাব ২০১৭-২০২১ মেয়াদে ইউনেস্কোর মহাপরিচালক হিসেবে নির্বাচনের জন্য সমর্থন আদায়ের লক্ষ্যে বাংলাদেশ সফর করছেন।

এ সফরে সংস্কৃতিমন্ত্রী ছাড়াও ইতোমধ্যে তিনি শিক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।

তিনি ২০০৯-২০১১ মেয়াদে মিশরের পরিবার ও জনসংখ্যামন্ত্রী ছিলেন। এর আগে তিনি মিশরের সহকারী সংস্কৃতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

মিশরের সাবেক এ মন্ত্রীকে বাংলাদেশে স্বাগত জানিয়ে সংস্কৃতিমন্ত্রী বলেন, “বাংলাদেশ ও মিশর মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুসহ দ্বিপাক্ষিক ইস্যুগুলোতে দুই দেশ পরস্পরের সাথে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সহযোগিতার এ ক্ষেত্রে আগামীতে আরও বিস্তৃত হবে।”

ইউনেস্কোর মহাপরিচালকের পদ ‘অত্যন্ত মর্যাদাসম্পন্ন’ অভিহিত করে প্রচার কাজের অংশ হিসেবে বাংলাদেশে আসার জন্য সংস্কৃতিমন্ত্রী মিশরের সাবেক এ মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান নাট্যভিনেতা নূর।

পাশাপাশি ইউনেস্কো মহাপরিচালকের পদে তার প্রতিদ্বন্দ্বিতার প্রশংসা করেন তার শুভকামনাও করেন সংস্কৃতিমন্ত্রী।

এসময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. ইব্রাহীম হোসেন খান, মিশর দূতাবাসের শার্জ দ্য  অ্যাফেয়ার্স ওয়ালিদ শামসেলদিন এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সংস্কৃতি উপদেষ্টা (উপসচিব) সুরাইয়া আখতার জাহান উপস্থিত ছিলেন।