প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের কমান্ডার এডমিরাল হ্যারি বি হ্যারিস।
রোববার ঢাকা ক্যান্টনমেন্টে সশস্ত্রবাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।
বৈঠকের পর প্রেস সচিব সাংবাদিকদের বলেন, এ অঞ্চলে তাদের সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রম নিয়ে আলোচনা করেন এডমিরাল হ্যারিস এবং এ ব্যাপারে বাংলাদেশকে প্রশিক্ষণ সহায়তা দেওয়ার প্রস্তাব দেন।
সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সন্ত্রাসবাদীদের অর্থ সরবরাহ বন্ধ করার উপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের কোনো ভৌগোলিক সীমা নেই, ধর্ম নেই।
শেখ হাসিনা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তথ্য বিনিময়ের গুরুত্বও তুলে ধরেন।
বাংলাদেশে জঙ্গি-সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সঙ্গে তার ভিডিও কনফারেন্সের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এর ফলে জনগণ সন্ত্রাসীদের খুঁজে বের করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা দিচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখানে বিভিন্ন ধর্ম-বিশ্বাসের মানুষেরা একসাথে বসবাস করছে।
১৯৯১ সালে বাংলাদেশে ঘূর্ণিঝড়ের পরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সহায়তার কথা স্মরণ করেন তিনি।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের প্রশংসা করেন হ্যারিস।
